রাজধানীতে সকাল থেকে তীব্র যানজট
প্রতিদিনের মতো সকাল নয়টার মধ্যে কর্মস্থল রাজধানীর কারওয়ান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে হাজির হতে হবে হেলালউদ্দিনের। সময়মতো অফিসে পৌঁছাতে নয়টার দুই ঘণ্টা আগেই মিরপুর ১১ নম্বর সেকশনের বাসস্ট্যান্ডে যাত্রীদের লাইনে দাঁড়িয়েছেন তিনি। তাঁর সামনে প্রায় ২৫ জন যাত্রী। তবে বাসেরই কোনো দেখা নেই।দুই দিনের সাপ্তাহিক ছুটি ও টানা তিন দিনের হরতালের পর আজ বুধবার দিনের আলো ফুটতে না ফুটতে এভাবে কর্মমুখর হয়ে উঠেছে রাজধানী ঢাকার মানুষ। একই সঙ্গে ভিড় বেড়েছে রাজধানীর যানবাহনে। এভাবে পথচারী ও যানবাহনের চাপে সকাল থেকে ঢাকা হয়ে উঠেছে তীব্র যানজটের শহর।লাইনে দাঁড়ানো হেলাল বলেন, ‘গত সপ্তাহের বৃহস্পতিবারের হরতালের পর দুই দিন ছুটি ছিল। তার পর আবার তিন দিনের হরতাল। এই কয়দিন বাসে উঠতে কোনো অসুবিধা হয়নি। আধা ঘণ্টার মধ্যে অফিসে গেছি।’ তিনি বলেন, ‘আজ বাসে উঠতে অসুবিধা হচ্ছে। তবে হরতালে যাতায়াতের সময় আতঙ্ক থাকে। আজ তা নেই। জানের মায়ার কাছে এই অসুবিধা কিছুই নয়।’এদিকে মহাখালী ফ্লাইওভার, বিজয় সরণি, শ্যামলী, কারওয়ান বাজার—এসব স্থানে সকাল থেকে দেখা দিয়েছে প্রচণ্ড যানজট। ব্যক্তিগত গাড়িতে কাফরুল থেকে মতিঝিল বাণিজ্যিক এলাকায় নিজ কার্যালয়ে যেতে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কাজী মইনুল হকের সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। তিনি বলেন, ‘সকাল সাড়ে সাতটায় বাসা থেকে বের হয়ে অফিসে এসেছি সকাল নয়টায়।’হরতালের পর আজ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ব্যস্ততাও বেশ বেড়েছে। অনেক স্কুলে চলছে সাময়িক পরীক্ষা। হরতালের কারণে সেগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। এ জন্য আগামী শুক্রবারও অনেক স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সাপ্তাহিক ছুটি বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ। যানজট মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে বলে জানালেন ট্রাফিক বিভাগের সরকারী কমিশনার নজরুল ইসলাম। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘হরতালের পর আজ সকালে রাস্তায় যানবাহনের চাপ থাকা স্বাভাবিক। সকালে অফিসগামী মানুষের জন্য যানজট একটু ছিল। তবে তা ভয়াবহ নয়। যানজট যেন প্রকট আকার ধারণ না করে, এ জন্য আমাদের সব রকম প্রস্তুতিই আছে। ট্রাফিক বিভাগের সিনিয়র সব অফিসারই রাজপথে আছি এবং তদারকি করছি।’