রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে সড়ক দুর্ঘটনায় রাশিদা বেগম (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। রাশিদা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, রাশিদা এলিফ্যান্ট রোডের একটি পোশাক-কারখানায় কাজ করতেন। আজ সকাল সাতটার দিকে তিনি লালবাগ থেকে রিকশায় করে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। আজিমপুর এতিমখানার সামনে হঠাত্ করেই তিনি রিকশা থেকে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে একটি বাস অন্য একটি রিকশাকে ধাক্কা দিলে ওই রিকশা মাটিতে পড়ে থাকা রাশিদার ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় রাশিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।রাশিদা তাঁর স্বামী আকরাম হোসেন ও তাঁদের নয় বছরের একটি ছেলে সন্তানকে নিয়ে লালবাগ চৌরাস্তা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার নওগাঁ গ্রামে।