রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাংলামোটরে আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম কামরুজ্জামান (৩৪) এবং কনস্টেবল নম্বর ১০৩০।কামরুজ্জামান সিটি এসবিতে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম লাল মিয়া। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরের গড়াইডুবিতে। তিনি মালিবাগ পুলিশ ব্যারাকে থাকতেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সাভার থেকে বাসে করে আজ সকাল সোয়া নয়টার দিকে বাংলামোটর নামেন কামরুজ্জামান। এ সময় তিনি দুটি বাসের মাঝখানে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।