রাজধানীতে সন্তান খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে নিজের শিশুসন্তান খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মা-কে গ্রেপ্তার করেছে পুলিশ। হালিমা ইয়াসমিন নামের এক গৃহবধূ তাঁর বন্ধুর সহায়তায় নিজের সাড়ে তিন বছর বয়সী মেয়েকে হত্যা করেছেন বলে পুলিশ দাবি করেছে।রাজধানীর সবুজবাগ থানার সিপাইবাগের একটি বাড়ির চারতলার সানশেড থেকে আজ বুধবার দুপুরে জেনিফা ইসলাম তানহা নামে শিশুটির গলিত লাশ উদ্ধার করা হয়।খিলগাঁও থানার পুলিশ জানিয়েছে, শিশুটিকে হত্যার পর তাকে পাঁচতলার জানালা দিয়ে ফেলে দেওয়া হয়। কিন্তু লাশটি চারতলার জানালার সানশেডে আটকে যায়। কয়েকদিন পড়ে থেকে উত্কট গন্ধ বের হলে বাড়িটির তত্ত্বাবধায়ক বশির আহমেদ আজ এর উত্স খুঁজতে গিয়ে লাশটি দেখেন। এরপর পুলিশ এসে তানহার লাশ উদ্ধার করে এবং তার মাকে গ্রেপ্তার করে।এ বিষয়ে শিশুটির বাবা ফারুক গাজী আজ বাদী হয়ে স্ত্রী হালিমা ও তার বন্ধু রাজীবের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। গত ২৪ জুন মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে সাড়ে পাঁচ বছর বয়সী ছেলে সামিউল আজিমকে খুনের অভিযোগে তার মা আয়েশা হুমায়রাকে পুলিশ গ্রেপ্তার করে। আয়েশার সঙ্গে তাঁর এক বন্ধুর সম্পর্কের বাধা মনে করেই সামিউলকে সরিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে আরেক মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ উঠলো। খিলগাঁও থানার অপারেশন কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটির মা হালিমার সঙ্গে রাজীব নামে এক যুবকের সম্পর্ক ছিল। গত ২৭ জুলাই হালিমা মেয়ে জেনিফাকে নিয়ে স্বামীর বাসা থেকে রাজীবের সঙ্গে পালিয়ে গিয়ে সিপাইবাগে একটি ফ্ল্যাট ভাড়া নেন। গ্রেপ্তার হওয়া হালিমা পুলিশকে বলেছেন, তাঁর বন্ধু রাজিবই শিশুটিকে হত্যা করে পালিয়েছে। তবে তিনি খুনের বিষয়টি জানতেন। অবশ্য হালিমা হত্যাকাণ্ডের দিনক্ষণ সম্পর্কে একেক সময় একেক কথা বলছেন।