রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত ৫
রাজধানীর খিলগাঁও থানার গৌরনগর এলাকায় আজ শুক্রবার সকালে সন্ত্রাসীদের গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হওয়া সজীব (২২) ও হানিফ (১৫) জানান, তাঁরা গৌরনগর এলাকার দুটি দোকানের কর্মচারী। আজ সকাল সাতটার দিকে স্থানীয় সন্ত্রাসীরা ওই এলাকার খুচরা ডিজেল বিক্রির প্রতিষ্ঠানে দাবিকৃত চাঁদার টাকা আনতে যায়। এ সময় সেখানকার ব্যবসায়ীরা একত্র হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে অন্তত পাঁচজন আহত হন। যোগাযোগ করা হলে খিলগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আসলাম মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে জানান, একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।