রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে আজ সোমবার সন্ত্রাসীদের গুলিতে শহীদ মোল্লা (৪২) নামের একজন নিহত হয়েছেন।নিহতের ভাই ইসমাইল মোল্লার দাবি, শহীদ ঢাকা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ছিলেন। তবে এ ব্যাপারে যুবদলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।পুলিশ জানায়, আজ সকাল ছয়টার দিকে পুলিশ মতিঝিলে জনতা ব্যাংকের গলি থেকে মাথায় ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় শহীদকে উদ্ধার করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে। নিহতের ভাইয়ের দাবি, শহীদ রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সরকারি দলের লোকজন তাঁকে হত্যা করেছে। মতিঝিলে শহীদের খাবার হোটেল ও মুদি দোকান আছে।পুলিশ জানায়, নিহত শহীদের বাসা ৩২/১ আরামবাগে। তাঁর বাবার নাম কফিল উদ্দিন মোল্লা। তাঁর বাড়ি চাঁদপুরের মতলব থানার বড়দিয়ায়। তিনি তিন সন্তানের জনক। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, কী কারণে শহীদকে হত্যা করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।