রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
রাজধানীতে ওয়ারী থানার টয়েনবী সার্কুলার রোডে আজ বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত আটটার দিকে একটি মোটর সাইকেলে দুই সন্ত্রাসী টয়েনবী সার্কুলার রোডে ডিটিএস ক্যাবলস নামের একটি ডিশ সংযোগ প্রতিষ্ঠানের সামনে আসে। তারা প্রতিষ্ঠানটি লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় ওই ডিশ সংযোগ প্রতিষ্ঠানের কর্মচারী আবদুল হাকিমের হাতে গুলি লাগে। আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এতে প্রতিষ্ঠানটির সামনে স্থানীয় একটি বাড়ির তত্ত্বাবধায়ক মৃদুল খান (৩০) ও পথচারী নার্গিস সুলতানা (৩৭) আহত হন। রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সকেরা জানান, মৃদুলের বুকে ও নার্গিসের পায়ে গুলি লাগে। যোগাযোগ করা হলে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিশ সংযোগ ব্যবসার বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।