রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
রাজধানীর রামপুরায় গতকাল মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীরা ওয়াহিদুজ্জামান (৩০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে বলে পুলিশ জানায়।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, দুই বছর আগে ওয়াহিদুজ্জামান রামপুরার কমিশনার রোডের জামতলা এলাকায় ওষুধের ব্যবসা শুরু করেন। পাশেই তাঁর ভাই শহিদুজ্জামানের মোবাইলে রিচার্জের দোকান রয়েছে। তাঁদের বাসা জামতলা এলাকায়। গতকাল রাত একটার দিকে দুই ভাই দোকান বন্ধ করে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী ওয়াহিদুজ্জামানকে অস্ত্রের মুখে জিম্মি করে ১২ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে সন্ত্রাসীরা শহিদুজ্জামানকে চায়নিজ কুড়াল দিয়ে কোপ দেয় ও চাঁদার টাকা দেওয়া হয়নি কেন জানতে চেয়ে ওয়াহিদুজ্জামানকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দিবাগত রাত আড়াইটায় ওয়াহিদুজ্জামানের মৃত্যু হয়।ওসি আরও জানান, স্থানীয় বস্তির কিছু চাঁদাবাজ ওয়াহিদুজ্জামানের কাছে চাঁদা দাবি করে। এর জের ধরে তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।