রাজধানীতে সন্ত্রাসীদের হামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবোতে গতকাল বুধবার রাতে সন্ত্রাসীদের হামলায় খাজা মাহফুজুল হক খান (৬২) নামে একজন নিহত হয়েছেন। তিনি শিল্প ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক ছিলেন। উত্তর বাসাবোর ৭৩/সি নম্বর বাসায় থাকতেন তিনি।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী জানান, গতকাল রাত নয়টার দিকে স্থানীয় একদল সন্ত্রাসী মাহফুজুল হকের বাসার সামনে আড্ডা দিচ্ছিল। এ সময় তিনি তাদের সরে যেতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই যুবকেরা তাঁকে ধাক্কা ও ঘুষি মারে। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এসআই নওশের আলী আরও জানান, সম্প্রতি মাহফুজুল হকের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এ কারণে হামলার পর পরই তিনি মারা যান। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।