রাজধানীতে সভা-সমাবেশে পুলিশের অনুমতি নেওয়ার কথা জানে না জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সভা-সমাবেশ করতে পুলিশের অনুমতি প্রয়োজন হয় কি না, তা জামায়াতে ইসলামী জানে না। জামায়াতের দাবি, এ ক্ষেত্রে পুলিশের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না।আজ শুক্রবার বড় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়। গতকাল বৃহস্পতিবার মুক্তাঙ্গনে পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে সেটি পণ্ড করে দেওয়ার পরিপ্রেক্ষিত জামায়াত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সংবাদ সম্মেলনে বলেন, ‘সভা-সমাবেশের ক্ষেত্রে পুলিশের অনুমতি প্রয়োজন জরুরি অবস্থায়। এমন ক্ষেত্রে গেজেট আকারে তা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়। এখন যদি সভা-সমাবেশের ক্ষেত্রে অনুমতি নিতে হয়, পুলিশ সেটা তাহলে জানাক।’ তিনি অভিযোগ করেন, সরকার তাদের অবৈধ কাজের বৈধতা দিতে এসব করছে।জামায়াতের সাংসদ হামিদুর রহমান বলেন, ‘সমাবেশে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে আমি পুলিশ কমিশনারকে চ্যালেঞ্জ করেছি। তিনি এ বিষয়ে কোনো আইন দেখাতে পারেননি। উল্টো তিনি আমার কাছে আইনটি দেখতে চেয়েছেন।’ তিনি দাবি করেন, রাজধানীতে সমাবেশের ক্ষেত্রে পুলিশের অনুমতির প্রয়োজন নেই।সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা অভিযোগ করেন, সরকার তাঁদের সমাবেশে বাধা দিয়ে অন্যায় ও অসাংবিধানিক কাজ করেছে। শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে সরকার জামায়াতের সাংবিধানিক ক্ষমতা খর্ব করেছে।প্রসঙ্গত, গতকাল পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছিলেন, ডিএমপি আইন, ১৯৭৬ অনুযায়ী সভা-সমাবেশ করতে হলে পুলিশের অনুমোদন নিতে হয়।