রাজধানীতে সাংসদ হারুনসহ আটক ১২, তিনজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পুলিশ আজ সোমবার সাংসদ হারুন-অর রশিদসহ বিএনপি-জামায়াতের ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে । ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। গতকাল রোববার সকাল ছয়টায় এ হরতাল শুরু হয়। নয়াপল্টন: বেলা সোয়া ১১টার দিকে বিএনপির সাংসদ হারুন-অর রশিদ, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দীন আলম, বিএনপি নেতা আবেদ রাজাকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। এ সময় তাঁরা বিএনপি কার্যালয়ের নিচে চেয়ারে বসে ছিলেন।মিরপুর: পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন খলিফা জানান, হরতালের সমর্থনে মিছিল বের করার সময় আজ সকাল সাতটার দিকে রাজধানীর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিদ আনজুসহ ছয়জনকে আটক করা হয়। মিরপুর থানা সূত্র জানায়, গতকাল রাতে কাজীপাড়ায় দুই-তিনটি গাড়ি ভাঙচুর হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে সাইফুল নামের এক শিবির কর্মীকে আটক করা হয়। একই ঘটনায় কাফরুল থানার পুলিশ আরও দুজনকে আটক করেছে।গতকাল রাত একটার দিকে দারুস সালামে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত বা কাউকে আটক করা হয়নি। খিলক্ষেত: জোয়ারসাহারা এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে একটি বাসে (ঢাকা মেট্রো-জ-২৬৫০) আগুন দেওয়া হয়। ওই বাসের যাত্রীরা বলেন, গাড়িতে সমস্যা আছে উল্লেখ করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা নেমে যাওয়ার কিছুক্ষণ পরে ওই বাসের পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ ব্যাপারে পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরাইশী বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, এ ঘটনা পরিকল্পিত। পুলিশ কাউকে আটক করেনি।সকাল পৌনে নয়টা থেকে তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাখালী এলাকায় হরতালের বিপক্ষে মিছিল করছে। হরতালে সাজা: হরতাল চলাকালে গাড়ি পুড়ানোর দায়ে দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত শামীম, সাইফুল ও জয়নাল আবদিন নামের তিনজনকে একবছর করে কারাদণ্ড দিয়েছেন।রাজধানীর সার্বিক অবস্থা: আজ সকাল থেকে রাজধানীতে কিছু বাস, মিনিবাস ও সিএনজি অটোরিকশা চলতে দেখা যাচ্ছে, তবে এর সংখ্যা খুবই কম। হরতাল উপলক্ষে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোর থেকে রাজধানীর রাস্তায় পুলিশ ও র্যাবের টহল চলছে। সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন। প্রসঙ্গত, হরতালের প্রথম দিনে গতকাল পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়। ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ৫৮ জনের। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদ রয়েছেন। গাড়ি পোড়ানোর মামলায় রাতে তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন ক্যান্টনমেন্ট থানায় আছেন।বিএনপি ও জামায়াত গত শুক্রবার পৃথকভাবে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে। একতরফাভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের চেষ্টা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলা, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্কের ধারা বিলুপ্তির অপচেষ্টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস-বিদ্যুত্-পানির তীব্র সংকট, শেয়ারবাজার ধ্বংস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় অপর দুই শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোট হরতালে সমর্থন দেয়।