রাজধানীতে সাংসদের পিস্তলের গুলিতে আওয়ামী লীগ কর্মী নিহত
ভোলা-৩ আসনের সরকারি দলের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের পিস্তলের গুলিতে ইব্রাহিম আহমেদ (৩৫) নামের সেগুনবাগিচার একজন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে সংসদ ভবন চত্বরে সাংসদের গাড়ির ভেতরে এ ঘটনা ঘটেছে। সাংসদের গাড়িচালক কামাল হোসেন পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে এসব তথ্য জানান। আজ শনিবার এ ব্যাপারে জানতে চেয়ে বারবার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় সাংসদ নুরুন্নবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি কোথায় আছেন তা কেউ বলতে পারেননি।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেনের দেওয়া অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, থানায় দেওয়া বাদীর বক্তব্য মতে সাংসদের লাইসেন্স করা পিস্তল নাড়াচাড়া করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ইব্রাহিম।কামাল হোসেন অভিযোগে বলেন, ইব্রাহিম তাঁদের পূর্বপরিচিত। সেই সুবাদে সাংসদের কাছে তাঁর আসা-যাওয়া ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি সাংসদ ও ইব্রাহিমকে নিয়ে পাজেরো জিপ চালিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর ব্লকের সামনে যান। জিপটি পার্ক করে সাংসদকে তাঁর কক্ষে পৌঁছে দিয়ে ইব্রাহিম আবার সাংসদের গাড়িতে এসে বসেন। এ সময় তিনি গাড়ির বাইরে ছিলেন। নিজের কক্ষে যাওয়ার সময় সাংসদ তাঁর পিস্তলটি গাড়িতে রেখে যান। তিনি আরও বলেন, সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটের দিকে গাড়িতে বসে ইব্রাহিম সাংসদের লাইসেন্স করা পিস্তলটি নাড়াচাড়া করার একপর্যায়ে তা থেকে গুলি বেরিয়ে যায়। একটি গুলি ইব্রাহিমের চোয়ালে বিদ্ধ হলে ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকে। গাড়িচালক কামাল পুলিশকে জানান, গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত আটটা পাঁচ মিনিটে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রাতে গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমের লাশ রেখে বাহকেরা হাসপাতাল থেকে পালিয়েছে যায়। যারা ইব্রাহিমকে নিয়ে এসেছিল পরে তাদের আর কোনো খোঁজ মেলেনি। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যে পিস্তলটি দিয়ে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছেন তা জব্দ করা হবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। থানার পুলিশের সূত্র জানায়, পুলিশ এখনো সাংসদের পিস্তলটি জব্দ করতে পারেনি। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের সূত্রে জানা গেছে, ময়নাতদন্তে নিহত ইব্রাহিমের ঘাড়ের বাঁ-দিকে একটি গুলির স্প্রিন্টার পাওয়া গেছে। গুলিটি চোয়ালে প্রবেশ করে ঘাড়ে আটকে যায়। ইব্রাহিমের বাবা সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, ইব্রাহিম এবার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার চিন্তাভাবনা করছিলেন। এ জন্য তিনি এলাকার পোস্টারও সেঁটেছিলেন। তাঁর ধারণা, এর জের ধরেই তিনি খুন হতে পারেন।