রাজধানীতে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনে এক যুবককে আজ সোমবার সন্ধ্যায় গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। নিহত সাজেদুর রহমান (৩২) ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তাঁর বাবা সাইদুর রহমান।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জুরাইন বুড়ি মসজিদের পাশে ব্যাডমিন্টন খেলছিলেন সাজেদুরসহ কয়েকজন। এসময় ৬/৭ জন মুখোশপরা অস্ত্রধারী এসে প্রথমে সাজেদুরকে কাছে থেকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যান। এসময় এগিয়ে এলে বিল্লাল হোসেন নামে সাজেদুরদের বাসার তত্ত্বাবধায়ককেও কুপিয়ে আহত করে অস্ত্রধারীরা। রাত আটটার দিকে সাজেদুর ও বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা সাজেদুরকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবা সাইদুর বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদউল্লাহ হত্যার ঘটনায় আরেক নেতাকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে কারাবন্দী সেই নেতা মোবাইল ফোনে সাজেদুরকে তাঁর পক্ষে কাজ করার জন্য বললেও সাজেদুর তা করেননি। এ কারণে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীকে দিয়ে তিনি এ ঘটনা ঘটান। সাজেদুর ৮৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানান তিনি। এছাড়া তাঁর অটোরিক্সা ও লোহার ব্যবসা রয়েছে।ছাত্রলীগের দক্ষিণের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানা প্রথম আলো অনলাইনকে বলেন, সাজেদুর আগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন বলেই জানেন আনিসুজ্জামান।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। নিহতের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান। পূর্ব জুরাইনের হাজি খোরশেদ আলী লেনের নিজ বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন সাজেদুর। তাঁর চার বছরের একটি মেয়ে রয়েছে।