রাজধানীতে স্কুলছাত্রসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের একজন স্কুলছাত্র মাহফুজুল করিম (১৫), অন্যজন গৃহবধূ বিলকিস আক্তার (৩৬)। পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে পুলিশ গুলশান-১-এর ১০ নম্বর সড়কের ২২ নম্বর ভবনের একটি ফ্ল্যাটের দরজা খুলে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্কুলছাত্র মাহফুজুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মৃতের মামা মইনুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল সকালের নাস্তা করার পর মাহফুজুল তার শোয়ার কক্ষে ঢোকে। অনেকক্ষণ কক্ষ থেকে বের না হওয়ায় মাহফুজুলকে ডাকাডাকি করে কোনো শব্দ পাননি তার বড় ভাই নাভিদ। মাহফুজুল ভেতর থেকে তালা লাগিয়ে দিয়েছিল। পরে নাভিদ চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে দেখেন, মাহফুজুল সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। পরে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি জানান, দুই ভাগ্নেকে তিনি তত্ত্বাবধান করতেন। মনে হচ্ছে, বিষণ্নতা ও কষ্ট থেকে মাহফুজুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মাহফুজুল ধানমন্ডির সানিডেল স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছোট। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে পুলিশ খিলগাঁওয়ের নন্দীপাড়ার একটি বাসার বাথরুম থেকে গৃহবধূ বিলকিসের লাশ উদ্ধার করেছে।পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানার পুলিশ মৃত্যুর খবর পেয়ে নন্দীপাড়া এলাকার ওয়ারীতে যায়। এ সময় পুলিশ ওই বাসার বাথরুমের দরজা ভেঙে শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিলকিসের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। বিলকিস তাঁর মা-বাবার সঙ্গে ওয়ারীর বাসায় থাকতেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিলকিসের স্বামী মধ্যপ্রাচ্যপ্রবাসী। মৃতের স্বজনদের দাবি, বিলকিস মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁরা এ সংক্রান্ত চিকিৎসকের সনদপত্র থানায় জমা দিয়েছেন। বিলকিসের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।