তরুণের দাবি, প্রেমের সম্পর্ক আছে
রাজধানীতে স্কুলছাত্রী উত্ত্যক্তের দায়ে তরুণের কারাদণ্ড
রাজধানীর মগবাজারে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সজীব (২০) নামের এক তরুণকে গতকাল সোমবার এক বছরের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে সজীব দাবি করেছেন, ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে।ওই ছাত্রীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানার পুলিশ গতকাল সজীবকে আটক করে। পরে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবুল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে ওই রায় দেন। সজীবকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।ম্যাজিস্ট্রেট বাবুল মিয়া জানান, সজীব মেয়েটিকে উত্ত্যক্ত করতেন, অশ্লীল অঙ্গভঙ্গি করতেন, বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। এসব কারণে আদালত দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাঁকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, মগবাজারের গাবতলায় সজীবদের বাড়ি ও মুদি দোকানের পাশেই ওই মেয়ের পরিবার ভাড়া থাকত। সজীব ওই দোকানে বসতেন। তিনি মেয়েটিকে নানাভাবে বিরক্ত করতেন। মেয়েটির বাবা দুই মাস আগে পাশের নয়াটোলায় (গ্রিনওয়ে) বাসা ভাড়া নেন। কিন্তু সজীব পিছু না ছাড়ায় গত রোববার তিনি রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল বেলা তিনটার দিকে সজীবকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়।বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত থানায় যান এবং সজীবের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন।মেয়েটির বাবা জানান, তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে প্রায় নয় মাস আগে গাবতলায় ভাড়া বাসায় বসবাসের পর থেকেই সজীবের উৎপাত শুরু হয়। তিনি তাঁদের বাসার সামনে দাঁড়িয়ে থাকতেন, অঙ্গভঙ্গি করতেন, স্কুলে যাওয়ার পথে মেয়ের পিছু নিতেন, মাঝেমধ্যে পথ আটকে আজেবাজে কথাও বলতেন। বিষয়টি সজীবের বাবা আবু সাঈদকে জানিয়েও প্রতিকার না হওয়ায় তিনি বাসা পরিবর্তন করেন। কিন্তু ১৩ নভেম্বর তাঁর মেয়েকে বাসার পাশ থেকে সজীব তুলে নিয়ে যান। পরে এলাকার লোকজনের হস্তক্ষেপে তিনি মেয়েকে ফিরিয়ে আনেন। এর পর থেকে সজীব ক্রমাগত হুমকি দিতে থাকেন। হুমকির মুখে তিনি ছেলেমেয়েকে উত্তরায় ভাইয়ের বাসায় রেখে এসেছেন।তবে সজীবের বাবা আবু সাঈদ এসব অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর ছেলে ওই মেয়েকে উত্ত্যক্ত করতেন না। তাঁর সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক আছে। ঈদুল আজহার আগে মেয়েটি পালিয়ে তাঁদের বাড়িতে চলে এসেছিল। তার বাবা-মাকে ডেকে তাকে আবার বাসায় পাঠানো হয়। সজীবের মোবাইল ফোনে মেয়েটির পাঠানো খুদেবার্তা, তার লেখা চিঠি তাঁদের বাড়িতে আছে। কেবল মেয়ের বাবার অভিযোগ শুনে সজীবকে কারাদণ্ড দেওয়া হলো। তিনি দাবি করেন, আদালত এলাকার লোকজনের সঙ্গে কথা বললে এ বিষয়ে পরিষ্কার ধারণা পেতেন।বিকেলে রমনা থানার ওসির কক্ষে সজীবের বিচার চলার সময় সোফায় বসে কাঁদছিলেন মেয়েটির বাবা। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন এসব ঘটনা পত্রিকায় প্রকাশ ও টিভিতে দেখানো হলে আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে? ছেলেটা কারাগার থেকে বেরিয়ে আরও উদ্ধত হলে তাঁদের নিরাপত্তা কে দেবে?’ এ সময় পুলিশ কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেন।এর আগে ১৩ নভেম্বর ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে জুরাইনের আলোর মেলা আইডিয়াল স্কুলের শিক্ষক নজরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।