রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর সড়ক ভবনের সামনে বাসের চাপায় গিয়াসউদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, গিয়াসউদ্দিন ১৮২, পশ্চিম ধানমন্ডির মনিকো কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। আজ সকালে তিনি অফিসের কাজে সড়ক ভবনে আসেন। কাজ শেষে বেলা দুইটার দিকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় সড়ক ভবনের সামনেই একটি বাস তাঁকে চাপা দেয়। পরে টহলরত পুলিশ তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক গিয়াসউদ্দিনকে মৃত ঘোষণা করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এখনো কোনো মামলা হয়নি।উল্লেখ্য, গিয়াসউদ্দিনের গ্রামের বাড়ি যশোর জেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোহাম্মদপুরের একটি বাসায় থাকতেন।