রাজধানীতে সড়ক দুর্ঘটনায় লেদার টেকনোলজি কলেজের ছাত্র নিহত
রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ি সড়কে এক দুর্ঘটনায় রাজীব কর (২৭) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন রাজীবের বন্ধু নাহিদ হাসান (২৫)। তাঁরা হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজের ছাত্র। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।রাজীবের বাবার নাম রঞ্জিত কর। তাঁর বাড়ি চাঁদপুরের বাবুরহাটে। এই দুই বন্ধু কলেজের ছাত্রাবাসে থাকতেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাত তিনটার দিকে রাজীব তাঁর বন্ধু নাহিদকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে তেজগাঁওয়ের এলেনবাড়ি সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে টহল পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। নাহিদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।