রাজধানীতে হকারের ঝুলন্ত লাশ উদ্ধার
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে একটি নিমার্ণাধীন ভবন থেকে আফসার আলী (১৮) নামের একজন হকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পল্টন থানা সূত্র জানায়, আজ বেলা দেড়টার দিকে পুলিশ পল্টনের ইম্পেরিয়াল হোটেলের পেছনে একটি নির্মাণাধীন ভবনের নিচতলার শার্টার ভেঙে একটি কক্ষের ভেতরে ঢোকে। পুলিশ ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আফসারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর খবরে গুলিস্তানের ফুটপাতের হকারেরা মর্গে ভিড় করেন। মর্গে ৫৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শামীম আহমেদ আফসারকে ওয়ার্ড যুবলীগের কর্মী বলে দাবি করেছেন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, আফসার গুলিস্তান ফুটপাতে হকারি করতেন এবং নির্মাণাধীন ভবনের নিচতলায় শার্টার লাগানো একটি কক্ষে থাকতেন। সকালে গুলিস্তানে কয়েকজন হকার আফসারকে না পেয়ে তাঁর খোঁজে যান। এ সময় তাঁরা পল্টনের ভবনটির নিচতলায় আফসারের কক্ষের ভেতর থেকে শার্টার লাগানো দেখতে পান। তাঁরা ডাকাডাকি করেও আফসারের কোনো শব্দ পাননি। পরে পল্টন থানায় খবর জানানো হয়। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।