রাজধানীর গাবতলী-যাত্রাবাড়ী পথে চলাচলকারী লোকাল মিনিবাসগুলো হঠাৎ ‘লোকাল সিটিং’ হয়ে গেছে। ধরন পাল্টে সর্বনিম্ন ভাড়া নিচ্ছে পাঁচ টাকা। এ ছাড়া গন্তব্যভেদে ভাড়া বেড়েছে দুই থেকে চার টাকা। এতে ঠকছে যাত্রীরা, বিশেষ করে কাছাকাছি দূরত্বে যাতায়াতকারীরা। মোহাম্মদপুর-চিটাগাং রোডে চলাচলকারী মিনিবাসগুলোও একই কৌশল নিয়েছে। বেড়েছে আরও কিছু লোকাল বাস-মিনিবাসের ভাড়া।এ ছাড়া কাউন্টারভিত্তিক বাসগুলোর ভাড়াও বেড়েছে গন্তব্যভেদে পাঁচ থেকে ১৫ টাকা। অথচ জ্বালানির দাম বাড়েনি, সরকারও বাসভাড়া পুনর্নির্ধারণ করেনি। মালিকেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এই বাড়তি বাসভাড়া চাপিয়ে দিয়েছেন যাত্রীদের ওপর। বাড়তি ভাড়া নিয়ে বচসা করলেও বিকল্প না থাকায় তা পরিশোধে বাধ্য হচ্ছে ক্ষুব্ধ ও হতাশ যাত্রীরা।সরকার সর্বশেষ ২০০৮ সালে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলরত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসচালিত (সিএনজি) বড় বাসের (৫২ আসন) ভাড়া প্রতি কিলোমিটার এক টাকা ২০ পয়সা ও মিনিবাসের ভাড়া এক টাকা ১০ পয়সা করে। বড় বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করা হলেও মিনিবাসের ক্ষেত্রে তা করা হয়নি।হঠাৎ বাসভাড়া বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, তিনি খোঁজ নিচ্ছেন। প্রয়োজনে তিনি নিজেই পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলবেন। এরপর বিআরটিএকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।সিটিংয়ের নামে ভাড়া বৃদ্ধি ও হয়রানি: যাত্রাবাড়ীর বাসিন্দা নাসির ইসলাম ক্ষুব্ধ কণ্ঠে গতকাল বলেন, যাত্রাবাড়ী থেকে গাবতলীর পথে চলাচলকারী লোকাল মিনিবাসগুলো (২১/এ ও ২২ নম্বর রুট) এক সপ্তাহ ধরে ‘লোকাল সিটিং’ নাম দিয়ে ভাড়া বাড়িয়েছে। তিনি আগে যাত্রাবাড়ী থেকে মতিঝিলে আসতে বা যাত্রাবাড়ী যেতে ভাড়া দিতেন তিন টাকা করে। এখন দিতে হচ্ছে পাঁচ টাকা। তিনি বলেন, ‘মাসে আট হাজার টাকা বেতনে এমনিতে সংসার চলে না। এর ওপর হুটহাট করে বাসভাড়া বাড়ানো হলে আমাদের মতো মানুষের অবস্থা কী হয়? এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ করা উচিত।’বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী দিলীপ দাস থাকেন চিটাগাং রোডের মৌচাকে। তিনি জানান, বাসভাড়া বৃদ্ধির কারণে তাঁর পরিবারের তিনজনের মাসিক যাতায়াত ব্যয় বেড়েছে এক হাজার ৮০০ টাকা। এভাবে বাসভাড়া বাড়লে তাঁদের মতো পরিবারের টিকে থাকা দায় হবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী, যাত্রাবাড়ী থেকে মতিঝিলের দূরত্ব ২ দশমিক ৮ কিলোমিটার। সরকার-নির্ধারিত ভাড়া অনুযায়ী এই দূরত্বে মিনিবাসের ভাড়া তিন টাকা আট পয়সা। ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্তও ভাড়া নেওয়া হচ্ছে পাঁচ টাকা। এই পথের দূরত্ব ২ দশমিক ৪ কিলোমিটার। ভাড়া হয় দুই টাকা ৬৪ পয়সা।‘লোকাল সিটিং’ পরিচালনাকারী গাবতলী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, ‘পকেটমারের অত্যাচারে সিটিং সার্ভিস করেছি। বাড়তি ভাড়া নিচ্ছি না। সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা নিচ্ছি।’মোহাম্মদপুর-চিটাগাং রোড পথে চলাচলকারী লোকাল মিনিবাস (৩৬ নম্বর রুট) হয়ে গেছে ‘আর্ক পরিবহন’ নামের সিটিং সার্ভিস। বাড়ানো হয়েছে ভাড়া। গুলিস্তান থেকে মিরপুর পথে চলাচলকারী লোকাল মিনিবাস, কাউন্টারভিত্তিক মালঞ্চ পরিবহন, আজমেরী পরিবহন, মনজিল পরিবহন, প্রভাতী বনশ্রী, প্রচেষ্টা পরিবহনেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া যাত্রাবাড়ী হয়ে গুলিস্তানে চলাচলকারী সব মিনিবাসের ভাড়া হয়ে গেছে পাঁচ টাকা, আগে যা ছিল তিন টাকা। অথচ এগুলো আগের মতোই যেখানে-সেখানে ইচ্ছেমতো থামিয়ে রেখে যাত্রী তুলছে।গতকাল বেলা ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মনির সিকদার নামের এক যাত্রী জানান, লোকাল বাসগুলো কেবল ভাড়া বাড়ানোর কৌশল হিসেবে হঠাৎ করে ‘সিটিং সার্ভিস’ হয়ে যায়। যাত্রীরা অভ্যস্ত হয়ে গেলে এগুলো আবারও লোকাল হয়ে যায়, কিন্তু ভাড়া কমে না। তিনি জানান, ৩৬ নম্বর রুটের মিনিবাস এখন আর্ক পরিবহন হয়েছে। মোহাম্মদপুর টাউন হল থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া ছিল তিন টাকা। কিন্তু এখন আসাদগেট বা ফার্মগেট যেকোনো গন্তব্যে পাঁচ টাকা নেওয়া হচ্ছে। আর কারওয়ান বাজার বা শাহবাগে গেলে নেওয়া হচ্ছে ১০ টাকা।জানা যায়, টাউন হল থেকে আসাদগেটের দূরত্ব এক কিলোমিটার এবং ফার্মগেট তিন কিলোমিটার।মোহাম্মদপুরে আর্ক পরিবহনের সুপারভাইজার মেহেদী হাসান দাবি করেন, দাঁড়িয়ে লোক নেওয়া হয় না বলে ভাড়া বেড়েছে।সূত্র জানায়, সিএনজির দাম বাড়ানোর চিন্তাভাবনা চলছে। বাসমালিক, চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজির দাম বাড়ানোর আগেই ভাড়া বাড়ানো হয়েছে, যাতে সিএনজির দাম বাড়লে ভাড়া আরেক দফা বাড়ানো যায়। বিআরটিএ সূত্র জানায়, রাজধানীতে চলাচল করা বাস-মিনিবাসের প্রায় ৯০ শতাংশই সিএনজিচালিত।কাউন্টারভিত্তিক বাস-মিনিবাস: কাউন্টার থেকে টিকিট বিক্রির মাধ্যমে চলাচলকারী বাস-মিনিবাসে এখন কোম্পানিভেদে সর্বনিম্ন ভাড়া আট থেকে ১৫ টাকা। যেমন গুলিস্তান থেকে গাজীপুরে চলাচলকারী আজমেরী পরিবহনে সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা। গতকাল দুপুরে আনোয়ারুল ইসলাম এই কোম্পানির পুরানা পল্টন কাউন্টার থেকে মালিবাগে যাওয়ার জন্য ১৫ টাকায় টিকিট কিনেছেন বলে অভিযোগ করেন।আজমেরী পরিবহনের এক চালক রেজাউল করিম দাবি করেন, আগে দাঁড়িয়েও যাত্রী নেওয়া হতো। এখন নেওয়া হয় না বলে ভাড়া বেড়েছে। এ ছাড়া ১৫ টাকার টিকিটে মহাখালী পর্যন্ত যাওয়া যায়। এখন যাত্রী ঠিক করবেন, তিনি মালিবাগে নাকি মহাখালী নামবেন।বিআরটিএর হিসাবে, পল্টন থেকে মালিবাগের দূরত্ব ২ দশমিক ৪ কিলোমিটার। সর্বনিম্ন হিসাবে বড় বাসেই এখানে ভাড়া হয় পাঁচ টাকা। পল্টন থেকে মহাখালীর দূরত্ব ৭ দশমিক ৪ কিলোমিটার, ভাড়া হয় নয় টাকারও কম।সরেজমিন পুরানা পল্টনে প্রচেষ্টা পরিবহন, প্রভাতী বনশ্রী পরিবহনের টিকিট বিক্রেতাদের কাছেও ১৫ টাকার নিচে টিকিট পাওয়া যায়নি। মনজিল পরিবহনে পল্টন থেকে ফার্মগেটের ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা।প্রভাতী বনশ্রী পরিবহনের কর্মী আবুল হোসেন জানান, তাঁদের পরিবহনে ভাড়া দুই টাকা বেড়েছে। ছাত্ররা অনেক সময় ভাড়া দিতে চায় না বলে পুষিয়ে নিতে যাত্রীপ্রতি দুই টাকা বাড়ানো হয়েছে।মোহাম্মদপুরে মিডওয়ে পরিবহনের কর্মী মিজানুর রহমানও ছাত্র পরিচয়ে কারও কারও ভাড়া না দেওয়ার অভিযোগ জানিয়ে বলেন, টিকিট না কেটে ওঠা এসব যাত্রীর কাছে ভাড়া চাইলে অনেক সময় তাঁদের মারধর, এমনকি বাসও ভাঙচুর করা হয়।জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েতউল্লাহ প্রথম আলোকে বলেন, সরকারের ঘোষণা ছাড়া বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, যানজটের কারণে বাসের আয় কমেছে এবং খুচরা যন্ত্রাংশের দাম বাড়ার কারণে ব্যয় বেড়েছে। তাই বাসভাড়া বাড়ানো উচিত।