রাজধানীতে হরতালবিরোধী মিছিল-সমাবেশ (ভিডিও)
১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীজুড়ে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। আজ মঙ্গলবার সকাল থেকে সরকারের সমর্থক নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেন।বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করে আওয়ামী যুবলীগ। এতে নেতৃত্ব দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুণ-অর-রশিদ। সকাল সাড়ে ১০টা থেকে হরতালবিরোধী অবস্থান ও বিক্ষোভ মিছিল করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী। সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী বিক্ষোভ কর্মসূচি করে ছাত্রলীগের মহানগর দক্ষিণ, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, শ্রমিক লীগের বিভিন্ন ওয়ার্ড ইউনিট। রাজধানীর কারওয়ান বাজারে হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবলীগ। সকাল নয়টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী মানববন্ধন ও মিছিল করেছে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট। সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ব্যানারে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ওলামা লীগ, বাস্তুহারা লীগসহ ২২টি সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আবদুল হক।দুপুর ১২টার দিকে সবচেয়ে বড় হরতালবিরোধী মিছিল করে জাতীয় শ্রমিক লীগ। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।রাজধানীর মিরপুর ১ নম্বর, মিরপুর ১২, মিরপুর ১৪, গাবতলী, রামপুরা, বাড্ডায় সুবাস্তু নজর ভ্যালীর সামনে, কমলাপুর, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাটে হরতালবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারের সমর্থক নেতা-কর্মীরা।