রাজধানীতে হরতালে ভাঙচুর, ককটেল ও গুলি (ভিডিও)
গাড়ি ভাঙচুরসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। কয়েকটি এলাকায় হরতালের সমর্থকেরা ককটেলের বিস্ফোরণ ঘটান। পুরান ঢাকায় পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। মতিঝিলে আটক করা হয়েছে বিএনপি ও মহিলা দলের দুই নেতাকে।গ্রেপ্তার হওয়া দলীয় নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সারা দেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট। আজ সকাল ছয়টায় শুরু হওয়া এ হরতাল শেষ হবে কাল বুধবার সন্ধ্যা ছয়টায়।গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় অন্য নেতাদের জামিনের আবেদন আদালতে খারিজ হওয়ার পর হরতালের ঘোষণা দেয় ১৮ দল। দুই দিনের হরতালে সহিংস ঘটনা ঘটলে বৃহস্পতিবারও হরতাল দেওয়ার পরিকল্পনা আছে বিরোধীদলীয় জোটের।হরতালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রধান প্রধান সড়কে পুলিশ ও র্যাবের সদস্যরা অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দল নিয়মিত টহল দিচ্ছে।প্রধান সড়কগুলোতে চলাচল করছে বিপুলসংখ্যক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। কিছু ব্যক্তিগত গাড়িসহ বিআরটিসির বাস ও গণপরিবহন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে কর্মজীবী মানুষ ও যানবাহনের সংখ্যা বাড়ছে।অন্যান্য হরতালের মতো আজ রাজধানীতে তেমন কোনো সহিংস পিকেটিং দেখা যায়নি। সকাল নয়টা পর্যন্ত রাজধানীতে বড় ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মিরপুর, ধোলাইরপাড়, মোহাম্মদপুর, তেজকুনিপাড়াসহ বিভিন্ন এলাকায় হরতালের পক্ষে বিক্ষিপ্তভাবে মিছিল হয়েছে। কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হরতাল সফল করতে বিএনপি তার নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে। ছাত্রদলের নতুন কমিটিকে হরতালে পিকেটিং ও মিছিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।নয়াপল্টন: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছেন। মূল ফটকে ভেতর থেকে তালা দিয়ে রাখা হয়েছে। বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অবস্থান করছেন।মতিঝিল: মতিঝিলের গোপীবাগের দ্বিতীয় লেনে সকাল সাড়ে ১০টার দিকে মহিলা দল মিছিল বের করে। মিছিলটি ছত্রভঙ্গ করতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশ ধাওয়া করে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর জাহান মাহবুবকে আটক করে।বঙ্গবন্ধু অ্যাভিনিউ: বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুটি ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে পল্টন থানার পুলিশ। পরে এগুলো বালতির পানিতে ডুবিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় কিছুক্ষণের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রাবাড়ী: সকাল সাড়ে ছয়টায় যাত্রাবাড়ীর দোলাইরপাড় স্কুলের সামনের রাস্তায় ছাত্রশিবিরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। এ সময় ১০টি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা পালিয়ে যান। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ককটেল নয়, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিলেন মিছিলকারীরা।পুরান ঢাকা: পুরান ঢাকার প্যারীদাস রোড এলাকায় সকাল সাড়ে আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা মিছিল বের করেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। সকাল পৌনে নয়টার দিকে নারিন্দার গৌরমঠ এলাকায় সূত্রাপুর থানা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এদিকে বেলা দেড়টার দিকে জজ কোর্টের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বেলা পৌনে একটার দিকে নয়াবাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে আবদুর রাজ্জাক (৪৫) নামের এক রিকশাচালক আহত হন। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁতীবাজার এলাকা দিয়ে যাওয়ার পথে বোমা বিস্ফোরণে শাহজাহান (৫০) নামের এক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তেজকুনিপাড়া: সকালে হরতালের সমর্থনে তেজকুনিপাড়ায় একটি মিছিল বের হয়। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ। তেজগাঁও অঞ্চলের পুলিশের উপকমিশনার বিপ্লব সরকার প্রথম আলো ডটকমকে জানান, আটক হওয়া ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।মোহাম্মদপুর: সকাল সাতটার দিকে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে হরতালের সমর্থনে মিছিল বের করলে একজনকে আটক করে পুলিশ।সকাল ছয়টার দিকে মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনের রাস্তায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দুজনকে এক বছর করে বিনা শ্রম কারাদণ্ড দেন। তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। সকাল সোয়া আটটার দিকে খামারবাড়ী এলাকায় দেড় লিটার পেট্রলসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদের ব্যাপার আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মিরপুর: ভোর সাড়ে পাঁচটার দিকে মিরপুরের পাইকপাড়ায় আনসার ক্যাম্পের গলিতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে অবিস্ফোরিত আরও পাঁচটি ককটেল উদ্ধার করে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, অবিস্ফোরিত ককটেলগুলো রাস্তার পাশ থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে মামলা করার প্রস্তুতি চলছে।সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুরের মাজার রোডে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে মাজার রোডে ছাত্রদলের একটি মিছিল বের হয়।সকাল সোয়া আটটার দিকে মিরপুর ১ নম্বরে প্রাইম ইউনিভার্সিটির সামনে যুবদলের একটি মিছিল বের হয়। মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়।সকালের দিকে মিরপুর ৬ নম্বর এলাকায় প্রশিকা ভবনের সামনে ছাত্রশিবির একটি মিছিল বের করে। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।সকাল সাতটায় মিরপুর ৬ নম্বর সেকশনের অর্কিড কমিউনিটি সেন্টারের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।সকাল থেকে মিরপুর-গাবতলী রোডে যানবাহন চলাচল খুব কম ছিল। তবে বেলা ১০টার পর যানবাহন চলাচল বেড়েছে। ফকিরাপুল: ফকিরাপুলের বকশি হোটেলের সামনের সড়কে বিকেল চারটার দিকে ঝটিকা মিছিল বের করে হরতালের সমর্থকেরা। এ সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।গুলিস্তান:বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর গুলিস্তানে ইমপেরিয়াল হোটেলের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতালের সমর্থকেরা। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।