রাজধানীতে হরতালের সময় ৬ জনকে কারাদণ্ড
রাজধানীতে আজ বুধবার হরতাল চলাকালে গাড়ি ভাঙচুরের চেষ্টা ও মিছিল-মিটিংয়ের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আজ সকাল সাড়ে ছয়টায় নাজিমউদ্দিন রোডে কয়েকজন লোক মিছিল করার জন্য জড়ো হয়। এ সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে ও পুলিশের কাজে বাধা দেয়। তখন পুলিশ এস এম কামরুজ্জামান, মনির হোসেন, এস এম সাদেক ও মোজাম্মেল হোসেনকে আটক করে। তাঁদের অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সাদেককে সাত দিন এবং বাকি তিনজনকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন।প্রায় একই সময়ে উত্তর বাড্ডায় পুলিশ মাহফুজুর রহমান ও মিজানুর রহমান নামের দুই ব্যক্তিকে আটক করে।বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তিরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করছিল ও পুলিশের কাজে বাধা দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড দেন।