রাজধানীতে হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৪
র্যাব নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে রাজধানীর আশকোনা এলাকা থেকে গতকাল রোববার দুপুরে চারজনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাদেরকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মো. হোসেন রনি (২১), কাজী রশিদুল হক রাজীব (১৮), সবুজ ওরফে বাবু (১৮) ও মো. হারেস (২১)। এঁদের মধ্যে রনি ও রাজীব টঙ্গী সরকারি কলেজের ছাত্র। বাকি দুজন কারখানায় কাজ করেন। র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম আজ সংবাদ সম্মেলনে জানান, গতকাল দুপুরে আশকোনা বাজারের কাছ থেকে ওই চারজনকে কিছু লিফলেটসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের সদস্য রনির বাসায় অনেক বই আছে। পরে র্যাব কর্মকর্তারা ওই বইগুলো উদ্ধার করেন। র্যাব-১ এর অধিনায়ক আরও জানান, এত দিন হিযবুত তাহরীরের সদস্য হিসেবে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই ছিলেন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর। এই প্রথম দুজন ধরা পড়লেন যারা শ্রমিক শ্রেণীর ও বিভিন্ন কারখানায় কাজ করে।