রাজধানীতে হিযবুত তাহরীরের হঠাৎ মিছিল, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রেসক্লাব এলাকায় মিছিল করার সময় গতকাল শনিবার দুপুরে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আহসান (৩০), রিপন মিয়া (২২) ও ফজলে হাদি (২৮)। তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের উল্টো দিকের গলি থেকে হিযবুত তাহরীরের ৫০-৬০ জন সদস্য কমলা রঙের ব্যানার নিয়ে রাস্তায় হঠাৎ মিছিল শুরু করেন। তাঁরা হিযবুত তাহরীরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। মিছিলটি হাইকোর্টের কদম ফোয়ারার সামনে গেলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে মিছিল-কারীদের হাতাহাতি হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন। তবে পুলিশ মিছিলকারীদের তিনজনকে ধরে ফেলে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাসহ অজ্ঞাত পরিচয়ের মিছিল-কারীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। মিছিলের বিষয়ে আগে থেকে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না বলে তিনি জানান।গত বছরের ২২ অক্টোবর সরকার হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এরপর সংগঠনটির প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক গোলাম মাওলাসহ হিযবুত তাহরীরের অনেক নেতা-কর্মীকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।