রাজধানীতে হেফাজতের ঢিলেঢালা হরতাল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় হেফাজতে ইসলামের ডাকে আজ সোমবার ঢিলেঢালাভাবে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রাজধানীতে হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা হেফাজতকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন।ভোর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। হরতালের কারণে সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন চলছে না। রিকশা ও রাষ্ট্রীয় পরিবহন বিআরটিসিসহ বিভিন্ন গণপরিবহন চলতে দেখা গেছে। তবে টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।

মোহাম্মদপুর

রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ রোডে আজ ভোর ছয়টা থেকে সড়ক অবরোধ করেন হেফাজতের কর্মীরা। এ সময় তাঁরা আল্লাহ করিম জামে মসজিদের সামনে সড়ক অবরোধ করে ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।তেজগাঁও অঞ্চলে পুলিশের উপকমিশনার বিপ্লব সরকার প্রথম আলো ডটকমকে বলেন, হেফাজতের কর্মীদের কোনো মিছিল করতে দেওয়া হবে না। তাঁরা শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফিরে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

মিরপুর

সকাল পর্যন্ত মিরপুর এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানকার সব প্রধান সড়কে মোতায়েন রয়েছেন। সড়কগুলোয় র‌্যাব ও পুলিশের পিকআপ ভ্যান নিয়মিত টহল দিচ্ছে।তবে সহিংসতা ঘটতে পারে—এমন বিশেষ স্থানগুলোতে পুলিশ বিশেষ নজর দিচ্ছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন মিরপুর অঞ্চলের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ‘রোকেয়া সরণি এলাকায় প্রায় ৫৮টি ছোট গলি রয়েছে। আগের হরতালগুলোয় দেখা গেছে, এখান থেকে বিভিন্নভাবে হামলা চালানো হয়েছে। তাই আগাম সতর্কতায় আমরা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশও মোতায়েন করেছি। কারণ, ৫৮টি গলিতে তো আর পুলিশ মোতায়েন সম্ভব না।’

গাবতলী

আজ ভোরে দেশের বিভিন্ন স্থান থেকে দূরপাল্লার বাস গাবতলী বাস টার্মিনালে এসেছে। তবে কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি। অবশ্য মানিকগঞ্জ, সাভার, পাটুরিয়াসহ আশপাশের এলাকায় বাস চলাচল করছে। এদিকে আগামীকাল ভোর থেকে শুরু হবে বিএনপিসহ ১৮-দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল। তাই আজ সন্ধ্যায় দূরপাল্লার বাস ছাড়া হবে কি না, এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি পরিবহনসংশ্লিষ্টরা। সোহাগ পরিবহনের প্রধান কার্যালয়ের টিকিট বুকিং অফিসার খালেদা সুলতানা প্রথম আলো ডটকমকে আজ সকালে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসে এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

কামরাঙ্গীচর

রাজধানীর কামরাঙ্গীচর থানার আশরাফাবাদ এলাকার বেড়িবাঁধে আজ সকালের দিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে জামিয়া নূরিয়া ইসলামীয়া মাদ্রাসার ছাত্ররা রাস্তায় পিকেটিং করে। এসময় পুলিশ তাঁদের বাধা দেয়। পরে পিকেটাররা চলে যান। সকাল সাড়ে নয়টার দিকে জামিয়া নূরিয়া ইসলামীয়া মাদ্রাসা এলাকায় খেলাফত আন্দোলনের সমর্থকেরা হরতালের সমর্থনে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।