রাজধানীতে ১০ ডাকাত গ্রেপ্তার
দেড় কোটি টাকার কাপড় ও সুতাসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা, মালিবাগ ও সাভারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে এক সংবাদ ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. জাফর (২৫), মশিউর রহমান (৩৫), মো. সাইফুল ইসলাম ওরফে শাহীন (৩৫), জামান (৪০), আবু কাওসার (৩৫), মনির হোসেন (৪০), সেলিম রেজা (৪০), মিজানুর রহমান ( ৩৮), সাগর মাহমুদ ( ৩৫) ও মোকছেদুল (২৪)।গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও রূপগঞ্জ থানায় দুটি মামলা করা হয়েছে।সংবাদ ব্রিফিংয়ে উপকমিশনার মশিউর রহমান জানান, ডাকাতদের এ চক্রটি অনেক দিন ধরে পোশাক কারখানার জন্য কাপড় ও সুতা বহনকারী কাভার্ড ভ্যানে ডাকাতি করে আসছিল। গত ১৪ আগস্ট রাত তিনটায় ডাকাত দলটি সূত্রাপুরের বানিয়ানগর মোড়ে জিএমএস কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহযোগীকে মারধর করে ৫০ লাখ টাকা মূল্যের ১৫০ কার্টনে থাকা সুতা লুট করে। দলটি ১১ অক্টোবর গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আফিয়া সিএনজি স্টেশনের সামনে থেকে ৩৫৭ রোল কাপড় ডাকাতি করে। ৯৩ লাখ টাকা মূল্যের এই কাপড় সিনহা টেক্সটাইল গ্রুপ ও ওপেক্স গ্রুপের জন্য চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আনা হচ্ছিল।এ ঘটনার পর গতকাল যাত্রাবাড়ী থেকে জাফর ও সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকার বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ডাকাতি হওয়া কাপড় ও সুতাগুলো মালিবাগের অ্যারি ওয়্যার্স লিমিটেড থেকে উদ্ধার করা হয়।সংবাদ সম্মেলনে হাজির করা সেলিম রেজা জানান, তিনি বিশ্বাস গ্রুপের মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করে আসছিলেন। এর পাশাপাশি তিনি ডাকাতি করা মালামাল বেচা-কেনা ও ডাকাতদের নানাভাবে সাহায্য করতেন। এ ছাড়া ডাকাতি করা কাপড় ও সুতা কম দামে কিনে দেশের বিভিন্ন পোশাক কারখানায় কয়েক গুণ বেশি মূল্যে বিক্রি করতেন তিনি।গ্রেপ্তার হওয়া ডাকাতদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে জানিয়ে মশিউর রহমান জানান, এই ডাকাত চক্রের কারণে বিভিন্ন পোশাক কারাখানা উত্পাদিত পণ্য সময়মতো সরবরাহ করতে পারছিল না।