রাজধানীতে ১১ গাড়িতে আগুন, গ্রেপ্তার ৫
রাজধানীতে পৃথক ঘটনায় আজ সোমবার ১১টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ বহনের একটি পিক আপও রয়েছে। আগুন দেওয়ার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সন্ধ্যায় উত্তরার মাসকট প্লাজার সামনে থেকে যাত্রী সেজে দুই দুর্বৃত্ত সিএনজিচালিত সুবজ রঙের একটি ট্যাক্সিক্যাব ভাড়া নিয়ে বনানী যাচ্ছিল। বিমানবন্দর সড়কের বনরূপা আবাসিক প্রকল্পের সামনে দুর্বৃত্তরা ট্যাক্সিক্যাবটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান সালেহ আহমেদ চৌধুরী জানান, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে। সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাবরেটরির কাছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির সামনে একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশীর একটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আগুনে ট্যাক্সিক্যাবটি পুড়ে গেছে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। রাত সাড়ে সাতটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আগুন দেওয়া হয় একটি বাসে। রাত পৌনে ১০ টার দিকে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের রাস্তায় একটি বাসে আগুন দেওয়া হয়। রাত নয়টার দিকে শ্যামলীতে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময় নীলক্ষেতে সিএনজিচালিত একটি অটোরিক্সায় আগুন দেওয়া হয়। রাত পৌনে নয়টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সোয়া নয়টার দিকে কারওয়ান বাজারের মাছের বাজারের সামনে একটি পিকআপে আগুন ধরিয়ে দেওয়া হয়। মিরপুর ২ নম্বরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে শিল্পকলা একাডেমীর একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে সবুজবাগ থানার বাসাবোতে ইব্রাহিম নামে এক যুবক পুলিশের গাড়িতে আগুন দেন। এ সময় পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।