রাজধানীতে ১১ লাখ টাকা ছিনতাই, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগরে দুজনকে গুলি করে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত।আজ মঙ্গলবার বিকেলে বিজয়নগরের ব্যস্ততম সড়কে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনার শিকার হওয়া কামাল খান (৩৫) ও মো. মোমেনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজন আরামবাগের গাড়ি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান ভিলেজ কার সেন্টারের কর্মী বলে জানা গেছে।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. খোকন জানান, আজ বিকেলে কামাল ও খোকন শান্তিনগর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১১ লাখ টাকা তুলে নিয়ে মোটরসাইকেলে বিজয়নগর শাহজালাল ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বিজয়নগরে ব্যাংকের নিচে আসার পরপরই চারটি মোটরসাইকেলে আটজন তাঁদের ঘিরে ধরে। সন্ত্রাসীরা কামালের বাঁ-পায়ে ও মোমেনের ডান পায়ে দুটি গুলি করে ব্যাগসহ টাকা নিয়ে পালিয়ে যায়।খোকন জানান, এ সময় রাস্তায় অসংখ্য লোক থাকলেও কেউ ভ্রুক্ষেপ করেনি। পরে পুলিশ ও স্থানীয় লোকজন এসে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পল্টন থানা পুলিশ জানায়, কর্মকর্তারা আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তবে আজ সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।