রাজধানীতে ১১টি বাসে আগুন
হরতালকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে আজ শনিবার ১১টি যাত্রীবাহী বাস ও একটি ট্যাক্সি ক্যাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যানবাহনে অগ্নিসংযোগ, নাশকতা সৃষ্টির চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করের কাছে একটি যাত্রিবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় একই সময় আজিমপুর, বাংলামোটর এবং ফকিরাপুলে তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া রাত আটটার দিকে মহাখালী, কাঁটাবন, কাপ্তানবাজার ও কমলাপুর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত নয়টার দিকে জুরাইনে ও মোহাম্মদপুর আসাদ এভিনিউ এলাকায় দুটি বাস এবং খিলক্ষেত এলাকায় একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর দেড় ঘণ্টা পর মগবাজার রেলক্রসিং এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।