দেশের বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, ব্যাপক ধরপাকড়
রাজধানীতে ১৩ গাড়িতে আগুন, ১০টি ভাঙচুর
ধরপাকড়, হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে হরতালের আগেই রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ হয়েছে। এ সময় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে কোথাও কোথাও। গত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বাস, কার, ট্যাক্সিক্যাব, পিকআপসহ ১৩টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আরও অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।গতকাল ও রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২৭৫ জনকে আটক এবং ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৪ জনকে গ্রেপ্তার ও ৩০ জনকে আটক করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, আওয়ামী লীগ-যুবলীগের কর্মী ও পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন আহত হন বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন। সিলেটে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের লাঠিপেটায় সাবেক সাংসদসহ ১৫ জন আহত হয়েছেন। সিলেটের বালাগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে দুই এসআইসহ আহত হয়েছেন ১৭ জন। জামালপুরের গফরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হন ৭৫ জন। নওগাঁর আত্রাইয়ে পুলিশের লাঠিপেটা ও বিএনপির মিছিলে আওয়ামী লীগ-যুবলীগের হামলায় আহত হন ৩৫ জন।রাজধানীতে গাড়িতে আগুন: রাজধানীতে গতকাল সন্ধ্যার পর থেকে ১৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যে পুলিশের একটি পিকআপও রয়েছে। এসব ঘটনায় রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আরও অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।পুুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় উত্তরার মাসকট প্লাজার সামনে থেকে যাত্রী সেজে দুই দুর্বৃত্ত সিএনজিচালিত সবুজ রঙের ট্যাক্সিক্যাব ভাড়া নিয়ে বনানীতে যাচ্ছিল। বিমানবন্দর সড়কের বনরূপা আবাসিক প্রকল্পের সামনে তারা ওই ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয়।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান সালেহ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে।সন্ধ্যা ছয়টায় সায়েন্স ল্যাবরেটরির কাছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির সামনে একটি ট্যাক্সিক্যাব, সোয়া সাতটায় সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে একটি প্রাইভেট কার, সাড়ে সাতটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে একটি বাস, রাত পৌনে ১০টার দিকে ফার্মগেটে একটি বাসে, রাত নয়টার দিকে শ্যামলীতে বিআরটিসির একটি বাসে, একই সময় নীলক্ষেতে একটি টেম্পোতে, রাত পৌনে নয়টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে একটি বাসে, রাত ১০টায় তেজগাঁও লিংক সড়কে একটি যাত্রীবাহী বাসে, রাত সোয়া নয়টার দিকে কারওয়ান বাজারের মাছের বাজারের সামনে একটি পিকআপে, মিরপুর ২ নম্বরে শিল্পকলা একাডেমীর একটি স্টাফ বাসে, রাত সোয়া ১০টায় গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে এবং রাত সাড়ে নয়টার দিকে বাসাবোতে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।সিলেট অফিস জানায়, হরতালের সমর্থনে মিছিল করতে বেলা সাড়ে তিনটার দিকে নগরের রেজিস্ট্রি মাঠে জড়ো হন বিএনপি ও এর সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে হঠাৎ লাঠিপেটা শুরু করে পুলিশ। এ সময় সাবেক সাংসদ দিলদার হোসেন, মহানগর বিএনপির সভাপতি এম এ হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদসহ সাত নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তাঁদের কোমরে রশি বেঁধে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। কোমরে রশি বাঁধা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশের লাঠির আঘাতে মাথায় আঘাত পান এম এ হক। সন্ধ্যায় তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনার পর রেজিস্ট্রি মাঠের পাশে তালতলা সড়কে অবরোধ সৃষ্টি করেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে আবার লাঠিপেটা করে পুলিশ। এখানে আরও ১০-১২ জন আহত হন।এ খবর শুনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নগরের শিবগঞ্জ, উপশহর, সুরমা মার্কেট ও তালতলা এলাকায় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেন। নগরের শিবগঞ্জ এলাকায় একটি মিনিবাস ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় শিবগঞ্জ ও তালতলা থেকে ১০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, বিকেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় দুই পুলিশসহ ১৭ জন আহত হন। গুরুতর আহত দুই কর্মী আলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, তোফায়েল আহমদকে মৌলভীবাজারের একটি ক্লিনিকে এবং এসআই বদরুল ইসলামকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তিন কর্মীকে আটক করে পুলিশ।নওগাঁ প্রতিনিধি জানান, আত্রাই উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তাঁরা আবার সংগঠিত হয়ে মিছিল শুরু করলে আত্রাই স্টেশনসংলগ্ন বেইলি সেতুর মুখে পুলিশ লাঠিপেটা করে।বেলা দেড়টার দিকে দলীয় কার্যালয়ে সমাবেশ শুরু করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে ৩৫ জন নেতা-কর্মী আহত হন।তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিএনপির মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, দুপুর ১২টায় উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমানের বাসভবন থেকে একটি মিছিল বের হয়। একই সময়ে হরতালবিরোধী মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিল দুটি কাচারি রোড এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৭৫ জন আহত হন। গুরুতর আহত যুবলীগের কবিরকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মীর আবু তালেবের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির ক্যাডাররা হামলা ও গুলি করেছে।বিএনপির সিদ্দিকুর রহমানের অভিযোগ, ‘পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরাই আমাদের ওপর হামলা চালায় এবং আমার বাড়িতে গুলি ও ইটপাটকেল ছোড়ে।’কুড়িগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রোববার ভোরে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সদর উপজেলায় তিনজন, রাজারহাটে দুই, ফুলবাড়ীতে এক, নাগেশ্বরীতে এক, ভূরুঙ্গামারীতে এক, কচুকাটায় এক, উলিপুরে দুই ও চিলমারী থেকে একজনকে আটক করা হয়।কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, উপজেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম ও যুবদলের একজনকে রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আগের রাতে জেলার দুর্গাপুর ও আটপাড়া থেকে বিএনপির চারজন কর্মী গ্রেপ্তার হন।জামালপুর প্রতিনিধি জানান, জেলার মাদারগঞ্জ উপজেলা বিএনপি দুপুরে মিছিল করে। মিছিলটি বালিজুড়ী বাজার দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের কার্যালয় থেকে হামলা চালানো হয়। এতে বিএনপির মাহবুবুর রহমানসহ কয়েকজন আহত হন। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেন। বেলা তিনটার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের ১৪ নভেম্বরের হরতালে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।ফরিদপুর অফিস জানায়, রোববার রাতে শহরের টেপাখোলা এলাকা থেকে ছাত্রদলের এক সাবেক নেতা এবং ভাঙ্গার কোর্টপাড়া থেকে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ। গতকাল সন্ধ্যায় ফরিদপুর থানা মোড় এলাকা থেকে শহর বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমানকে আটক করা হয়।কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রোববার রাতে কুমিল্লা রেলস্টেশন থেকে যুবদলের ছয় কর্মীকে আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ।চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, রোববার রাতে বিএনপি ও যুবদলের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।ঝালকাঠি প্রতিনিধি জানান, রোববার রাতে পুলিশ কাঁঠালিয়া উপজেলা থেকে বিএনপি ও ছাত্রদলের দুজনকে আটক করে।ফেনী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলার সোনাগাজী উপজেলার শেখ শহিদুল ইসলাম কলেজে গতকাল সকালে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রলীগ। এ সময় সংঘর্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের চারজনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।রায়পুর ও রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এ ছাড়া রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও এর সংগঠনের চার নেতা-কর্মী একই রাতে গ্রেপ্তার হন।আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, উপজেলা জামায়াতের আমির আবদুর রব বিশ্বাসকে রোববার রাতে বাসা থেকে আটক করে পুলিশ।নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী শহরে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করে বিএনপি। এ সময় পুলিশ পাঁচ কর্মীকে আটক করে। এ ছাড়া রোববার রাতে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর সংগঠনের সাত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ যুবদল ও ছাত্রদলের দুজনকে আটক করে পুলিশ।