রাজধানীতে ১৩টি গাড়িতে আগুন, আটক ১৫ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা সোম ও মঙ্গলবারের হরতাল শুরুর আগের দিন আজ রোববার দুপুরের পর থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় ১৩টি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশ ১৫ জনকে আটক করে।রাজধানীর মতিঝিল, পল্টন, মালিবাগ, শাহজাহানপুর, বাড্ডা, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, ফার্মগেট, কল্যাণপুর, মিরপুর ১১ ও সাড়ে ১১-তে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নয়টি বাস, দুটি পিকআপ ভ্যান, একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সি ক্যাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ছাড়া শাহজাহানপুরে ভাঙচুর করা হয়েছে একটি অ্যাম্বুলেন্স। পান্থপথে চলন্ত বাস থেকে ছোড়া হয়েছে দুটি ককটেল। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৫ জনকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মতিঝিল: মতিঝিলে সোনালী ব্যাংক কলোনির পেছনে চিটাগাং মটর ওয়ার্কশপের পাশে রাখা একটি বাসে ও আইডিয়াল স্কুলের পাশে পীরজঙ্গি মাজারের সামনে পিডিবির একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা পৌনে সাতটা ও রাত সাড়ে নয়টার দিকে গাড়ি দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা সন্ধ্যার দিকে মটর ওয়ার্কশপের পাশে রাখা বাসটিতে হঠাত্ করে আগুন দেখতে পান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। এ ছাড়া পিডিবির পিকআপ ভ্যানটিতে রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। রমনা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোস্তাক মোহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পল্টন: প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে একটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে জাতীয় ক্রীড়া পরিষদের ফটকের কাছে একটি বাসে আগুন দেওয়া হয়। নিউ ভিশন পরিবহনের বাসটি মতিঝিল থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। ১০-১২ জন তরুণ হাতে ক্রিকেট খেলার ব্যাট ও স্টাম্প নিয়ে বাসটি থামানোর সংকেত দেন। চালক বাসটি থামালে তাঁরা সেটি ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে বাসের ভেতরের অংশ একেবারে পুড়ে গেছে।এদিকে, বেলা দুইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় লোকজন।শাহজাহানপুর: প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে দুর্বৃৃত্তরা। অ্যাম্বুলেন্সটি ইসলামী ব্যাংক হাসপাতালের নয়। এ সময় ওই অ্যাম্বুলেন্সের ভেতরে কেউ ছিলেন না। ঘটনার সময় পাশে থাকা একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভান। বাড্ডা: রাজধানীর মেরুল বাড্ডার রামপুরা ব্রিজের পাশে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে গাজীপুর থেকে গুলিস্তানের দিকে যাওয়ার সময় বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।ফার্মগেট ও মালিবাগ: বেলা দুইটা পাঁচ মিনিটের দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের কাছে ছয় নম্বরের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। অন্যদিকে, বেলা দেড়টার দিকে মালিবাগের মৌচাক মার্কেটের সামনে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে বাস দুটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। সেগুনবাগিচা: সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি ট্যাক্সি ক্যাবে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। মিরপুর-১১: পূরবী সিনেমা হলের সামনে সেফটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল পাঁচটার দিকে নিউ মার্কেট থেকে পল্লবীর দিকে যাওয়ার সময় পূরবী সিনেমা হলের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে যান। পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বাসে আগুন দেওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।মিরপুর সাড়ে-১১: ঈদগা মাঠের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সোয়া নয়টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ সময় বাসে কেউ ছিল না, হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বাস পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।কল্যাণপুর: কল্যাণপুরে খালেক পেট্রলপাম্পের সামনে আজ বেলা সাড়ে তিনটার দিকে ‘সংগ্রাম পরিবহন’ নামের একটি দূরপাল্লার বাসে কে বা কারা আগুন দেয়। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আনন্দ কুমার মোহন্ত প্রথম আলো ডটকমকে বলেন, বাসটি ঘটনাস্থলে থেমে ছিল। কোনো যাত্রী ছিল না। তবে হেলপার বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন। এ সময় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।কারওয়ান বাজার: বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনের রাস্তায় বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গাড়ির স্টাফ মোমেন জানান, গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় তা সারানো হচ্ছিল। হঠাত্ কে বা কারা বাসের পেছন থেকে আগুন ধরিয়ে দেয়। পরে প্রথম আলোর নিরাপত্তাকর্মীরা নিজেদের অগ্নি নির্বাপণব্যবস্থার সহায়তায় আগুন নেভান। পান্থপথে ককটেল নিক্ষেপ: সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পান্থপথে চলন্ত বাস থেকে দুটি ককটেল ছোড়া হয়। তবে এতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার হরতাল ডেকেছে দলটি।