রাজধানীতে ১৪ দলের মানববন্ধন কাল
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত এবং বিচার বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে কাল রোববার রাজধানী ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানববন্ধন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। মানববন্ধনে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রকারীদেরও বিচার দাবি করা হবে।আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে জানান, বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুরু করে রাজধানী সুপার মার্কেট হয়ে গুলিস্তান-জিরো পয়েন্ট-প্রেসক্লাব-মত্স্য ভবন-কারওয়ানবাজার-রাসেল স্কয়ার হয়ে গাবতলী পর্যন্ত এই মানববন্ধন হবে। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন এবং ১৪ দলের অন্য শরিকেরা উপস্থিত থাকবেন।১২ মার্চ প্রধান বিরোধী দলের নেতৃত্বাধীন জোটের ‘ঢাকা চলো’ কর্মসূচিতে বড় ধরনের জমায়েতের (শো ডাউন) প্রস্তুতি চলছে। বিএনপি জোটের এই কর্মসূচির আগেই ৭ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকায় বিশাল জমায়েতের করে। কালকের কর্মসূচি পালন ছাড়াও ১৪ মার্চ ১৪ দলের ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।মানববন্ধন কর্মসূচি সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১৪ দল। এতে উপস্থিতি নিশ্চিত করতে কয়েক দফায় বৈঠকও করা হয়েছে। কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের পাশাপাশি এর সহযোগী সংগঠনগুলোও প্রস্তুতি নিয়েছে। এ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রথম আলোকে জানান, রোববারের মানববন্ধন ছাড়াও ১২ মার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য মাঠে থাকবে ছাত্রলীগ।