রাজধানীতে ১৭ শিবিরকর্মী আটক
বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ আজ শনিবার রাজধানীর শান্তিনগর মোড় থেকে ১৭জন শিবিরকর্মীকে আটক করেছে।আটক শিবির কর্মীরা হলেন—হাফিজুর রহমান, হেলাল উদ্দিন, মমিনুল করিম, দেলোয়ার হোসেন, সানোয়ার হোসেন, আলী হোসেন, মোজাহিদুল ইসলাম, রকিব, রফিকুল ইসলাম, আবু জায়েদ, রুহুল আমিন, জাবেদ ইকবাল, শরিফুল ইসলাম, বাপ্পি, মাসরুর আহমেদ, রবিউল ইসলাম ও আশিকুর রহমান। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বলেছেন, আজ সকাল পৌনে নয়টার দিকে ২০০ থেকে ২৫০জন শিবিরকর্মী শান্তিনগর মোড় এলাকায় মিছিল বের করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এসব অভিযোগে ১৭ শিবিরকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তারা রমনা থানায় আছে।তবে আটক শিবির কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাবেদ ইকবাল বলেন, সকাল আটটার দিকে তাঁরা কাকরাইলে আঞ্জুমানে মফিদুল ইসলামের সামনে থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে। পুলিশ তাঁদের শোভাযাত্রায় বাধা দেয়। তখন সবাই একত্রিত হয়ে মিছিল শুরু করে পুলিশের ভূমিকার প্রতিবাদ করে। পুলিশ এক পর্যায়ে ১৭ জনকে আটক করে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, শিবির কর্মীদের হামলায় রমনা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এসআই মাহাবুবুল আলম, কনস্টেবল আমিনুল ও নূরে আলম আহত হন। তাঁরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন।