রাজধানীতে ১৮ দলের বিক্ষোভ কর্মসূচি স্থগিত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলের আজ সোমবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, আজ সকাল থেকে বিএনপির কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় র্যাব, পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। এ এলাকায় এলে নেতা-কর্মীদের আটক করা হয়। সকাল থেকে এ পর্যন্ত মত্স্যজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বিএনপির দাবি, গতকাল রোববার অবরোধের দিন বিএনপি-জামায়াতের চারজন কর্মী খুন, ৭৪৭ জন নেতা-কর্মী গ্রেপ্তার ও ছয় শতাধিক আহত হন। এর প্রতিবাদে গতকাল ঘোষণা করা হয় আজকের বিক্ষোভ কর্মসূচি। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী, আজ বেলা তিনটায় নয়াপল্টনে সমাবেশ হওয়ার কথা ছিল। আজকের বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে সাংবাদিকদের ফখরুল বলেন, ‘আমরা চিঠি দিয়ে সরকারের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা বলেছে, সমাবেশ করতে দেওয়া হবে না। তারা আমাদের ভাড়া করা ট্রাক ও মাইক নিয়ে গেছে।’