রাজধানীতে ৪ ডাকাত গ্রেপ্তার, ৮৫ ভরি সোনা উদ্ধার
গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ ভরি সোনা উদ্ধার করা হয়। আজ বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে ডিবি উপপুলিশ কমিশনার (নর্থ) মাহবুবর রহমান এ তথ্য জানান।গ্রেপ্তারকৃতদের মধ্যে লাল মিয়াকে (২৮) রাজধানীর কল্যাণপুর, মাসুদ হাওলাদারকে (২৩) মিরপুর পাইকপাড়া, ফারুককে (২৫) গাজীপুরের জয়দেবপুর এবং রাসেদুল ইসলামকে (২৬) টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।মাহবুবর রহমান জানান, তাঁরা গত ৮ জানুয়ারি পল্লবীতে সাংসদ শাহীদা তারেক দীপ্তি এবং ১২ জানুয়ারি মালিবাগে আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ খানের বাসায় ডাকাতির কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে লাল মিয়া, মাসুদ ও ফারুক জানান, ডাকাতি করা সোনা তাঁরা টঙ্গীর আলমক্কা জুয়েলার্সের মালিক রাসেদুল ইসলামের কাছে বিক্রি করেছেন। এ তথ্যের ভিত্তিতে রাসেদুলকে গ্রেপ্তার এবং ৮৫ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। তাঁরা ডাকাত দলের প্রধান বিল্লালসহ কয়েকজনের নাম বলেছেন।ব্রিফিংয়ে মাহবুবর রহমান বলেন, বিল্লাল চট্টগ্রামে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার আছেন। তাঁকেও এ মামলার যুক্ত করা হবে।