রাজধানীতে ৪০ হাজার পটকাসহ দুজন গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে আজ বুধবার দুপুরে ৪০ হাজার পটকা ও ৫০০ প্যাকেট বারুদসহ দুজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম (৩০) ও যশোরের মনিরামপুর উপজেলার আনোয়ার হোসেন (৪২)। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, আটক পটকা ও বারুদের দাম প্রায় আট লাখ টাকা। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমীন প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরে পুলিশ গোপন সূত্রে খবর পায়, বিস্ফোরক দ্রব্যগুলো ঢাকায় আনা হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের রাস্তার সামনে পুলিশের একটি দল একটি পিকআপ ভ্যান আটক করে জিজ্ঞাসাবাদ করে। তিনি বলেন, ওই পিকআপে বিস্ফোরকদ্রব্য আছে কি না, জিজ্ঞাসা করলে আটক দুজনই তা অস্বীকার করেন। তাঁরা পিকআপে কম্বল আছে বলে জানান। পরে তল্লাশি চালিয়ে পটকা ও বারুদ উদ্ধার করা হয়। বারুদ ও পটকাসহ পিকআপটি থানায় আটকে রাখা হয়েছে। ওসি আরও বলেন, ‘আটক দুজনকে আগামীকাল আদালতে পাঠানো হবে। তাঁদের সাত দিনের রিমান্ড চাওয়া হবে। আগামীকালের হরতাল কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা আছে কি না, তা-ও দেখা হবে।’ আবদুল মমীন বলেন, ওই পটকাগুলো ভারত সীমান্ত দিয়ে বগুড়ায় আনা হয়। পরে সেগুলো বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসা হয়।