রাজধানীতে ৮৩ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গ্রিন রোড-পান্থপথ মোড়ে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা ভরার সময় ৮৩ লাখ টাকা লুট হয়েছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গতকাল সোমবার বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান অরনেট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের উপসহকারী ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন কলাবাগান থানায় মামলা করেন। পুলিশ ওই নিরাপত্তা প্রতিষ্ঠানের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জব্দ করেছে বুথের সিসি ক্যামেরার ফুটেজ। এজাহারে বলা হয়, অরনেট রাজধানীর একটি অংশে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ভরানোর জন্য চুক্তিবদ্ধ। তারা বিশেষ নিরাপদ গাড়িতে টাকা বহন করে বুথে ভরে। অরনেটের পাঁচ কর্মী রোববার রাতে বুথে টাকা ভরার জন্য একটি মাইক্রোবাসে পাঁচটি ট্রাংকে পাঁচ কোটি টাকা নিয়ে বের হন। ওই পাঁচজন হলেন: গাড়িচালক আনোয়ার হোসেন, গানম্যান সুখরঞ্জন শিকদার, জ্যেষ্ঠ নির্বাহী আবদুর রউফ, নির্বাহী শফিকুল হক ও মশিউর রহমান। রাত দেড়টার দিকে গ্রিনরোড-পান্থপথ মোড়ে ডাচ্-বাংলার বুথে টাকা ভরতে মাইক্রোবাসটি থামে। এক কোটি টাকা ভর্তি একটি ট্রাংক নিয়ে কর্মকর্তারা বুথে ঢোকেন। বুথের মেশিনে ২০ লাখ টাকা ভরা হয়। বুথের অবশিষ্ট তিন লাখ চার হাজার টাকাসহ মোট ৮৩ লাখ চার হাজার টাকা ট্রাংকে ভরে তাঁরা বেরিয়ে আসেন। ট্রাংকটি মাইক্রোবাসের পেছনের ডালা খুলে ঢোকানোর সময় একটি সাদা পিকআপ দ্রুতগতিতে মাইক্রোবাসকে অতিক্রম করে। এর পরপরই পিকআপটি দ্রুতগতিতে পিছিয়ে এসে মাইক্রোবাসের পাশে থামে। পিকআপ থেকে ১০-১২ জন লাঠিসোঁটা, রামদা হাতে নেমে মাইক্রোবাসের কাচ ভাঙচুর করে। তারা মাইক্রোবাসচালককে রড দিয়ে মেরে মাটিতে ফেলে দেয়। অস্ত্রের মুখে জিম্মি করে তারা ৮৩ লাখ টাকাভর্তি ট্রাংক নিয়ে যায়। এ সময় সুখরঞ্জন দুটি গুলি করেন।পুলিশ প্রথমেই বুথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থলে থাকা অরনেটের পাঁচ কর্মীকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনাটি সিকিউরিটি কোম্পানির কারসাজিও হতে পারে। ডাকাতেরা চার কোটি টাকার ট্রাংক ফেলে ৮৩ লাখ টাকার ট্রাংক নিয়ে গেছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পাঁচজনের বক্তব্যে গরমিল পাওয়া গেছে। তাঁদের কেউ বলছেন, ডাকাত দেখে সুখরঞ্জন গুলি করেছেন। আবার কেউ বলছেন, ডাকাতি হয়ে যাওয়ার পর সুখরঞ্জন ফাঁকা গুলি করেন। পুলিশ দুটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। তবে সেগুলো অস্পষ্ট। একটি ফুটেজ বিশ্লেষণ করে সে রকম কিছু মেলেনি। আরেকটি বিশ্লেষণ চলছে।পুলিশ জানায়, ওই এলাকায় রাতে পুলিশ ও র‌্যাবের নিয়মিত টহল থাকে। এত বড় অঙ্কের টাকা ডাকাতির পরও কেউ কিছু জানল না, এলাকার লোকজনও বুঝল না, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।ঘটনাস্থলের কাছাকাছি বসুন্ধরা সিটির উল্টো দিকের একজন চা-বিক্রেতা জানান, তিনি গুলির শব্দ শুনেছেন। তবে হইচইয়ের শব্দ পাননি।