রাজধানীতে ‘ক্রসফায়ারে’ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার দক্ষিণ বেগুনবাড়িতে গতকাল বুধবার সন্ধ্যায় র‌্যাবের ক্রসফায়ারে রায়পুরা সেলিম ওরফে সেইল্যা ও জব্বার নামে দুই যুবক নিহত হয়েছেন। র‌্যাব-২-এর ক্যাপ্টেন আবু খালিদ আল মামুন প্রথম আলোকে জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁদের একটি দল গাড়িতে করে যাচ্ছিল। দলটি দক্ষিণ বেগুনবাড়ির হাতিরঝিল প্রকল্পের কাছে পৌঁছালে এক দল সন্ত্রাসী গাড়ি দেখে বেগুনবাড়ির কাঁচা রাস্তার দিকে দৌড় দেয়।এ সময় র‌্যাব সদস্যরা তাদের পিছু নিয়ে ধাওয়া করে। কিছুদূর যাওয়ার পর সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে রায়পুরা সেলিম ও জব্বার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সরদার ইউনুছ আলী প্রথম আলোকে জানান, দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনি দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে জানান, নিহত দুই ব্যক্তির নামে তেজগাঁও থানায় ১০-১২টি মামলা আছে।