রাজধানীতে ‘কড়া হরতাল’ চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল সোমবার রাজধানী ঢাকার চিত্র ছিল অনেকটা ‘কড়া হরতাল’ দিনের মতো। বাস-মিনিবাসবিহীন সড়কগুলোতে চলেছে রিকশা, রিকশাভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, কিছু ব্যক্তিগত গাড়ি। সারা দেশের সঙ্গে গতকালও সড়ক ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।সকাল থেকেই রাজধানীতে কোনো বাস-মিনিবাস চলেনি। গণপরিবহনের অভাবে অনেক মানুষকে হেঁটে কর্মস্থলে যেতে হয়েছে। যানবাহনের অভাবে যানজটের শহর ঢাকা ছিল প্রায় ফাঁকা। বিভিন্ন ফাঁকা সড়কে ক্রিকেট খেলেছে শিশু-কিশোরেরা। বিএনপির মহাসমাবেশে লোকজন যোগ দিয়েছে হেঁটে। সকাল থেকে প্রায় সব দোকানপাট বন্ধ ছিল। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অন্যান্য দিনের মতো ভিড় ছিল না। নগরের তিনটি আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি এবং আসেওনি। ঢাকা ও এর আশপাশের মধ্যে কমিউটার ট্রেন সকালে চলেনি।সন্ধ্যার পর নগরে গণপরিবহন চলাচল শুরু হয়। রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে সীমিত আকারে বাস ও লঞ্চ ছেড়ে যায়। বাস চলাচল শুরু হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ।দিনভর ভোগান্তি: নরসিংদীর মাধবদীর কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘আজ (সোমবার) ঢাকার যে অবস্থা, তা কড়া হরতালের চেয়েও বেশি। বিরোধী দল ঘোষণা দিয়েও ঢাকাকে এভাবে অচল করতে পারত না। সরকারের পক্ষ থেকে এভাবে ঢাকা অচল করে দেওয়ার ঘটনা আগে কবে ঘটেছিল, মনে করতে পারছি না।’আমিনুলের সঙ্গে কথা হয় বেলা ১১টার দিকে সায়েদাবাদের জনপথ মোড়ে। তিনি আরও পাঁচ ব্যবসায়ীর সঙ্গে একটি রিকশাভ্যানে ছিলেন। তাঁরা জানান, ইসলামপুর থেকে এই ভ্যানে উঠেছেন, যাত্রাবাড়ী যাবেন। সেখান থেকে আবার ভ্যানে করে যাবেন কাঁচপুর। এরপর টেম্পো বা লেগুনায় করে মাধবদী যাবেন। তাঁরা আরও জানান, তাগাদা (কাপড় বিক্রির টাকা) নিতে গত রোববার এসেছিলেন। স্বাভাবিক সময়ে ৬০ টাকা বাসভাড়া দিয়ে দিনে এসে দিনেই চলে যেতেন। এবার এক দিন থাকতে হওয়ায় প্রতিজনের দুই হাজার টাকা খরচ হয়েছে। দুর্ভোগও পোহাতে হচ্ছে সীমাহীন।সায়েদাবাদে ফাঁকা মূল সড়কে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল কিশোর রাসেল আহমেদ। সে বলে, ‘অন্য সময় এখানে হাঁটাও যায় না। আজ (সোমবার) স্কুল বন্ধ, রাস্তাও ফাঁকা। তাই সুযোগ পেয়ে খেলছি।’ ওই সড়কের অন্যান্য অংশেও শিশু-কিশোরদের আরও কয়েকটি দলকে ক্রিকেট খেলতে দেখা গেছে।পুরান ঢাকার পাটুয়াটুলীর ক্ষুদ্র ব্যবসায়ী আখতারুজ্জামান দুপুর ১২টার দিকে গুলিস্তান মোড়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, তিনি কিছুটা অসুস্থ। রোববার সাভারে গিয়েছিলেন। ফেরার সময়ের দুর্ভোগের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমার ৫৫ বছরের জীবনে এমন অভিজ্ঞতা হয়নি। সাভার বাজার থেকে গাবতলী আসার জন্য টেম্পোতে উঠি। পথে পুলিশ নামিয়ে দেয়। এরপর কখনো হেঁটে, কখনো রিকশায় করে গুলিস্তান এলাম।’মিরপুর থেকে আলী আজগর মতিঝিলে যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করেন ৩০০ টাকায়। কিন্তু টেকনিক্যাল মোড়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা একদল যুবক তাঁকে নামিয়ে দেন। পরে রিকশায় করে আসেন। তিনি বলেন, ‘দেখে মনে হয়েছে, ওরা ছাত্রলীগের। কোথায় যাবেন, কেন যাবেন—নানা প্রশ্ন করেছে। পৃথিবীর আর কোন দেশ আছে, যেখানে সরকার নিজেই মানুষকে এ ধরনের দুর্ভোগে ফেলে?’ওয়ারীর মালতি চৌধুরী কাকরাইলে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি জানান, সকালে ছোট ভাইকে নিয়ে অফিসে আসার জন্য রিকশা ভাড়া করেন ৭০ টাকায়। বিজয়নগরে পৌঁছালে পুলিশ তাঁদের রিকশা থেকে নেমে যেতে বলে। অনেক অনুরোধের পর পুলিশ ভাইকে বাদ দিয়ে শুধু তাঁকে যাওয়ার অনুমতি দেয়।ব্যস্ততম ফার্মগেট এলাকায় দিনভর ছিল রিকশা-ভ্যানের জটলা। সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ী ফয়সাল হোসেন বলেন, ‘কী হয় বুঝতে পারছি না। ভয়ে সকাল থেকে দোকান বন্ধ রেখেছি।’ সাইফুল ইসলাম নামের এক পথচারী বলেন, তিনি গাবতলী যাবেন। গুলিস্তান থেকে রিকশায় ফার্মগেট এসেছেন। বাকি পথ কীভাবে যাবেন, সেই চিন্তায় আছেন।দুর্ভোগের জন্য বিরোধী দল দায়ী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জনগণের ভোগান্তির জন্য বিরোধী দলই দায়ী। বিরোধী দল ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। বিরোধী দল যদি এ রকম কর্মসূচি অব্যাহতভাবে না দিত, তাহলে সরকারের একটা আস্থা থাকত।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রী-সাংসদেরা বের হলে অক্ষত থাকবেন না বলে বিরোধী দল হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানমালের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের রক্ষার জন্যই এই মহাসমাবেশ হচ্ছে। ভবিষ্যতে রাজনীতি সংঘাতের দিকে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না রাজনীতি সংঘাতের দিকে যাচ্ছে।’ট্রেন: রেলওয়ে সূত্র জানায়, সাধারণত নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ১৪ জোড়া কমিউটার ট্রেন চলে। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত কোনো ট্রেন চলেনি। ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া পথের কমিউটার ট্রেনও বন্ধ ছিল। জামালপুর কমিউটার ট্রেনটি ছেড়ে এলেও গাজীপুরের শ্রীপুরে আটকে দেওয়া হয়। মহানগর প্রভাতী ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে এসে কুমিল্লায় আটকা পড়ে। রেলের কর্মকর্তাদের দাবি, ইঞ্জিন সমস্যার কারণে মহানগর প্রভাতী আটকে ছিল।আটক ৫০৬: রোববার রাতে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে আটক ৫০৬ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, নিয়মিত বিভিন্ন মামলায় (বিচারাধীন ও তদন্তাধীন) ১৩৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহজনক ১০৩ জন এবং ঢাকা মহানগর পুলিশ আইনে (ডিএমপি অ্যাক্ট) ২৬৮ জনকে আটক করা হয়।নিয়মিত মামলা ও ৫৪ ধারায় গ্রেপ্তার আসামিদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ডিএমপি অ্যাক্টে আটক ২৬৮ জনের অধিকাংশকেই জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।