রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহ আলী থানার বোটানিক্যাল গার্ডেনের পাশে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন ওরফে পাঙ্খা সুমন (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, নিহত সুমন মিরপুর ও শাহ আলী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। শাহ আলী থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আছে। মিরপুর থানায়ও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। শাহ আলী থানা পুলিশ সূত্র জানায়, গতকাল রাত একটার পর মিরপুর থানার একদল পুলিশ বোটানিক্যাল গার্ডেনের পাশে বাঁশবাগান এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে। পুলিশ ও স্থানীয়রা গুলিবিদ্ধ লাশটি সুমনের বলে চিহ্নিত করে।