রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজধানীর ভাসানটেকে গতকাল শুক্রবার গভীর রাতে র্যাবের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। র্যাব সূত্র জানায়, নিহত যুবকের নাম শহীদ ওরফে নাটু শহীদ (২৮)। তিনি ১ নম্বর ভাসানটেক বস্তিতে থাকতেন। তাঁর বাবার নাম সিরাজ ভান্ডারি।র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আমিন দাবি করেন, র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের এক বন্দুকযুদ্ধে শহীদ নিহত হয়েছেন। তিনি কাফরুল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। ওই থানায় তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।ঘটনা সম্পর্কে র্যাব-৪ এর ভাষ্য, শহীদ তাঁর লোকজন নিয়ে পশ্চিম ভাসানটেকে জড়ো হয়েছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে তিনটার দিকে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র্যাব। গুলিবিদ্ধ ব্যক্তিটি শহীদ বলে শনাক্ত করা হয়। শহীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।র্যাব আরও দাবি করে, তারা ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।