রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজধানীর পুরান ঢাকায় র্যাবের গুলিতে রাসেল আহমেদ ওরফে ভুট্টো (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। কোতোয়ালি থানাধীন জিন্দাবাহার পার্কে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।র্যাবের দাবি, জিন্দাবাহার পার্কে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ভুট্টো নিহত হন। ভুট্টো ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। ঘটনা সম্পর্কে র্যাব-১০-এর উপপরিচালক হারুন-অর রশীদের ভাষ্য, গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে, জিন্দাবাহার পার্কে ভুট্টো তাঁর সহযোগীদের সঙ্গে আড্ডা দিচ্ছে। র্যাব ঘটনাস্থলে গিয়ে তাঁদের ঘিরে ফেলে। এ সময় তাঁরা র্যাবকে লক্ষ্য করে হাত বোমা ও গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে র্যাব ভুট্টোর লাশ পড়ে থাকতে দেখে। তাঁর অন্য সহযোগীরা পালিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, ভুট্টোর বিরুদ্ধে একাধিক খুন, চাঁদাবাজি ও ডাকাতির মামলা আছে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, চারটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।