রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, ওই তিনজন ডাকাত ছিলেন।নিহত ব্যক্তিরা হলেন: ডাকাত দলের প্রধান সেলিম (৪২) ও তাঁর ভাই জাকির এবং সহযোগী সদস্য সাজিদ। ঘটনাস্থল থেকে পালানোর সময় ছয়জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন: সুরুজ, সুজন, হীরা, হাফিজ, লাল মিয়া ও রাজু। বেলা পৌনে একটার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল দিয়াবাড়ি এলাকায় ট্রান্সফরমার চুরি করতে জড়ো হচ্ছে বলে খবর পেয়ে ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখানে আহত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশের সহায়তায় তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।মনিরুল ইসলাম আরও বলেন, ডাকাতদের সঙ্গে সংঘর্ষে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান, দুই সহকারী উপপরিদর্শক হারুন অর রশীদ ও ইসহাক আহত হয়েছেন। বর্তমানে তাঁরা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিত্সাধীন। গুলিবিনিময়ের ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশি পিস্তল, একটি রিভলবার, সাতটি গুলি, রামদা, ছুরি ও ভাঙা ইট উদ্ধার করে।৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রান্সফরমার চোর চক্রকে ধরতে গিয়ে প্রাণ হারান গোয়েন্দা পুলিশের একজন উপপরিদর্শক। এ ঘটনায় গ্রেপ্তার ট্রাকচালক শিপনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।সকালের দিকে প্রথম আলো ডটকমকে দেওয়া তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল করিমের ভাষ্য, আজ ভোর চারটার দিকে দিয়াবাড়ি এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সেখানে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত নিহত হয়। এ ছাড়া ডিবি পুলিশের দুই সদস্যও আহত হন বলে খবর পাওয়া গেছে।