রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনার সন্তুষ্ট
রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে না।’ ঈদুল আজহা উপলক্ষে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি কেমন তা জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, ঈদ উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার তিন ধাপে নিরাপত্তা থাকছে। এগুলো হলো—ঈদের আগের দিন পর্যন্ত, ঈদের দিন ও ঈদের পরে সাত দিন। এ সময়ে রাজধানীতে নিরাপত্তার জন্য ১০ হাজার পুলিশ ও পাঁচ হাজার র্যাব মোতায়েন করা হচ্ছে। গরুর হাটে ছিনতাই-চাঁদাবাজির পাশাপাশি ঈদের সময় খালি বাসা পেয়ে যাতে চুরির ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। এ ছাড়া ঈদের আগে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়েও পরিকল্পনা রয়েছে।কমিশনার বলেন, এবার রাজধানীতে পশুর হাটের সংখ্যা ২১টি। এর মধ্যে ১৪টি মহানগর পুলিশের এলাকার মধ্যে ও সাতটি জেলা পুলিশের এলাকায়। এসব হাটে ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকছে। হাটের কারণে যাতে যানজটের সৃষ্টি না হয়, সে ব্যাপার পুলিশ নজর রাখছে। হাটের টাকা পরিবহনের ক্ষেত্রে পুলিশের নিরাপত্তা দেওয়া হবে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা হাটের নিরাপত্তা দেখবেন। প্রতিটি হাটে পুলিশ নিয়ন্ত্রণকক্ষ থাকছে বলেও তিনি জানান।কমিশনার বলেন, নিরাপত্তার ব্যাপারে পুলিশের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে। এসব সচেতনার জন্য পুলিশ ইতিমধ্যে ১৩ লাখ প্রচারপত্র বিলি করেছে।