রাজধানীর আদাবরে গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানার শেখেরটেকে গতকাল মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে। তিনি তৈরি পোশাক কারখানায় বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করতেন বলে জানা গেছে।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশিদ তালুকদার প্রথম আলো অনলাইনকে জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আনোয়ার তিন বন্ধুকে নিয়ে শেখেরটেক ১৩ নম্বর রোডের মাথায় বালুরটেকে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তাঁর সঙ্গে অপর দুই বন্ধুর কথাকাটাকাটি হয়। এদের একজন রিভলবার দিয়ে আনোয়ারের বুক ও পেটে গুলি করে। এ সময় তিনি সেখান থেকে দৌড়ে গিয়ে পাশের একটি রিকশার গ্যারেজের কাছে পড়ে যান। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোররাত সাড়ে চারটার দিকে তিনি মারা যান। আনোয়ার শেখেরটেক ৩ নম্বর রোডে থাকতেন। ওসি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।