ঢাকা রেঞ্জের ডিআইজি মোখলেসুর রহমান বলেছেন, রাজধানীর আশপাশের জেলাগুলোয় অপরাধের ভয়াবহতা বাড়ছে। এসব এলাকায় মাদক সমস্যাও প্রকট হচ্ছে। চিকিত্সক, প্রকৌশলী, পুলিশসহ সমাজের উচ্চপর্যায়ের অনেকেই ফেনসিডিল খাচ্ছেন। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।মোখলেসুর রহমান বলেন, সমাজে যত অপরাধ হয় তার মাত্র ৩০ শতাংশ পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে। বাকি ৭০ শতাংশ সমাজকেই নিয়ন্ত্রণ করতে হয়। নগরায়ণ যত বাড়বে, অপরাধও তত বাড়বে। সেসব অপরাধ দমনে ভালো পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভালো পুলিশি ব্যবস্থা ছাড়া সুশাসন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।এবার ঈদে ঘরমুখো মানুষকে যানজটের মুখোমুখি হতে হয়নি দাবি করে ডিআইজি বলেন, যানজট নিরসনে পুলিশ এবার রাস্তায় ছিল। অন্যবার গার্মেন্টসের শ্রমিক অসন্তোষের কারণেও যানজট হয়। কিন্তু এবার পুলিশ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে গার্মেন্টস মালিকদের চাপ দিয়েছিল। যে কারণে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে ডিআইজি গার্মেন্টস অসন্তোষের পেছনে ষড়যন্ত্র থাকে বলে মন্তব্য করেছেন। সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মিলি বিশ্বাস এবং ঢাকাসহ আশপাশের জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।