রাজধানীর এক মেস থেকে জিহাদি বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি মেস থেকে বিপুলসংখ্যক জিহাদি বইসহ শিবিরের দলিলপত্র উদ্ধার করেছে নিউমার্কেট থানার পুলিশ। আজ শুক্রবার সকালে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই বাড়ির দুই কেয়ারটেকারকে আটক করেছে। তবে এ সময় মেসে কেউ ছিল না।এ সময় ওই মেস থেকে বিপুলসংখ্যক জিহাদি বই, দুটি খেলনা রাইফেল, তিনটি খেলনা পিস্তল, দুই সেট খাকি পোশাক, বাংলাদেশের পতাকা, লিফলেট, পোস্টার, টেলিভিশন, ব্যানার, ভিডিও ও অডিও ক্যাসেট, শিবিরের বিভিন্ন দলিলপত্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল শাখা শিবিরের খাতাপত্র ও রেজিস্টার উদ্ধার করা হয়।এলাকাবাসী জানায়, ওই মেসে ২০-২৫ জন তরুণ থাকত। শিবিরের আস্তানা হিসেবে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় গতকাল রাত থেকে তারা মেসটিকে নজরে রাখে। আজ সকালে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে এসব উদ্ধার করে।পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুরুল ইসলাম জানান, বাসাটির মালিক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুর রহমান মজুমদার। চার-পাঁচ মাস আগে পুলিশ এই বাসা থেকেই শিবিরের বিভিন্ন দলিলপত্র উদ্ধার করেছিল। এর পর থেকে বাসাটি তালা মারা অবস্থায় ছিল। কিন্তু গতকাল বাসাটিতে লোকজনের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই বাসায় উপস্থিত হয়ে তল্লাশি চালিয়ে ওই সব জিনিসপত্র উদ্ধার করে। তবে এ সময় বাসায় কেউ না থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।