রাজধানীর কলেজগুলোকে দুটি করে বাস দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের সহজ ও নিরাপদ পরিবহনে তাঁর সরকার রাজধানীর প্রতিটি কলেজকে কমপক্ষে দুটি করে বাস দেবে। প্রধানমন্ত্রী বলেন, এ ছাড়া রাজধানীর বিরাজমান যানজট নিরসনে জনপরিবরহন ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে সরকার নগরের রাজপথে বড় বাস চালুরও উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে এ পরিকল্পনার আওতায় বিআরটিসি বহরে পর্যায়ক্রমে আরও ৬০০ বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে।প্রধানমন্ত্রী আজ সকালে এখানে সিএনজিচালিত ১০০ বাস চালু উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) এসব বাস চীন থেকে ক্রয় করেছে। কাল থেকে এগুলো নগরের বিভিন্ন সড়কে চলাচল করবে।অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন সড়ক ও রেলওয়ে বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নগরবাসীর যানজটমুক্ত চলাফেরা নিশ্চিত করতে বাসগুলো ক্রয় করেছে। এ উদ্যোগ রাজধানীর যানজট হ্রাস ও নগরবাসীর নিরাপদ চলাচলের সুযোগ সৃষ্টিতে উলেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেখ হাসিনা শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য স্কুল-কলেজের সময়ের সঙ্গে মিল রেখে তাদের বাসের সময়সূচি নির্ধারণের জন্য বিআরটিসিকে নির্দেশ দেন।বিআরটিসির বিরুদ্ধে বহুল প্রচারিত দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ হলে এবং সেখানে কর্মরত ব্যক্তিরা জনগণের সেবার মানসিকতা নিয়ে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানটি লাভজনক সংস্থায় পরিণত হয়।প্রধানমন্ত্রী বলেন, যাঁরা প্রতিদিন বাসে চলাফেরা করেন, তাঁদের যাতায়াত সহজ করতে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে বিআরটিসিকে বন্ধ করে দেওয়ার বিভিন্ন সুপারিশ সত্ত্বেও গত আওয়ালী লীগ সরকার সংস্থাটিকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিল।তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে লোকসান বড় বিবেচ্য নয়, বরং আমাদেরকে জনগণের সহজ যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিতে হবে।’প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি নগরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য সংশিষ্ট সবার প্রতি আহ্বান জানান।তিনি রাজধানীর যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত নিরাপদ করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, তাঁর সরকার এ লক্ষ্যে নগরের চারদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওয়াটারওয়ে, সাবওয়ে, ফাইওভার ও রিংরোড নির্মাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, মানুষ যাতে অফিস শেষে সহজে তাদের নিজ বাড়িতে যেতে পারে, এ জন্য তাঁর সরকার ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে কমিউটার ট্রেন চালু করতে যাচ্ছে।তিনি বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে ও দূষণমুক্ত ঢাকা নিশ্চিত করতে প্রশাসন বিকেন্দ্রীকরণেরও পদপেক্ষ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী মহানগরের যানজট কমাতে নগরবাসীসহ সংশিষ্ট সবার প্রতি ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।অনুষ্ঠানে তিনি ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইডেন গার্লস কলেজের অধ্যক্ষের হাতে আটটি বাসের চাবি তুলে দেন। প্রতিটি প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পরিবহনের জন্য দুটি করে বাস পাবে।পরে প্রধানমন্ত্রী ফিতা কেটে বাসগুলো উদ্বোধন করেন। এ উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।