রাজধানীর কল্যাণপুরে মেস থেকে লাশ উদ্ধার
রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুরের একটি মেস থেকে আজ সোমবার মো. নিজাম (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নিজাম মিরপুর ২ নম্বর সেকশনের এ ব্লকের ৫ নম্বর রোডের ১৬ নম্বরে ভাড়া থাকতেন। পুলিশের ধারণা, নিজামকে আঘাত করে হত্যা করা হয়েছে।দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, আজ বেলা ১১টার দিকে পুলিশ কল্যাণপুরের মেস থেকে নিজামের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আবদুস সালাম জানান, জানা গেছে, নিজাম দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য আনোয়ার নামের এক ব্যক্তিকে চার-পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু আনোয়ার তাঁকে বিদেশে না পাঠিয়ে তালবাহানা করছিলেন। ধারণা করা হচ্ছে, খুনের সঙ্গে আনোয়ার যুক্ত থাকতে পারে।নিহত নিজামের ভাই জুয়েলও একই ধরনের অভিযোগ করেন।