রাজধানীর কাফরুল ও মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
রাজধানীর কাফরুল ও মিরপুরে আজ শনিবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ঈদের নামাজ পড়ে কাফরুল থানার কাজীপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় আজ সকাল সাড়ে ৯ টার দিকে বাসের চাপায় শামীম (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এই দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন গোরান চটবাড়ির বটতলা এলাকায় আজ সকাল ১১টার দিকে মাইক্রোবাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার হেলপার সবুজ (২৫) নিহত হয়েছে। দুর্ঘটনায় দুই গাড়ির চালকসহ ১০ জন আহত হয়।কাফরুল থানার কাজীপাড়া এলাকায় গ্রামীণ পরিবহনের একটি মিনিবাস ওই যুবককে চাপা দেয়। সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত শামীম কাজীপাড়া এক্সিম হাসপাতালের পিয়ন ছিলেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেছেন,বাসটির চালক পালিয়ে গেছে। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। পরে দমকলবাহিনী এসে আগুন নিভিয়ে দেয়। নিহত শামীমের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আরো বলেছেন, তাঁরা বাসটি রেকার দিয়ে থানায় নিয়ে গেছে। বাসটি অর্ধেক পুড়ে গেছে।এদিকে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন গোরান চটবাড়ির বটতলা এলাকায় আজ সকাল ১১ টার দিকে মাইক্রোবাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় লেগুনার হেলপার সবুজ (২৫) ছিটকে পড়ে মারা যায়। আহত হয়েছে ১০ জন। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আহতদের ঢাকা মেডিক্যালসহ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে মাইক্রোবাস ও লেগুনা দুমড়েমুচড়ে গেছে। এই ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা হয়েছে।